বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ভারতের দ্বিতীয়, না দক্ষিণ আফ্রিকার প্রথম

শামীম চৌধুরী ২৯ জুন , ২০২৪, ০৯:৪২:০৪

  • রোহিত শর্মা-মার্করাম। ছবি-ইন্টারনেট

ওয়েস্ট ইন্ডিজে আইসিসির মেগা ইভেন্টের ফাইনাল মানেই সোবার্স, মার্শাল, হেইন্স, গ্রীনিজদের জন্মস্থান বারবাডোজ হবে বিবেচ্য। এবারও তার ব্যতিক্রম হয়নি।

২০০৭ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালের পর ২০১০ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যুও কেনিংস্টন ওভাল। ১৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও আইসিসি বিবেচ্য করেছে এই ভেন্যুকে। 

ফাইনাল ম্যাচের ভেন্যু বলে কথা। বারবাডোজ বিমানবন্দরের ব্রান্ডিং তাই ক্যারিবিয় অন্য সব ভেন্যুর চেয়ে আলাদা। বোর্ডিং ব্রিজ থেকে নেমেই অ্যারাইভালে সোবার্স, গ্রীনিজ,হেইন্স,মার্শালদের প্রতিকৃতি স্বাগত জানাবে আগতদের।

যেখানে শোভা পবে-‘দ্য বেস্ট প্লেস টু বি এ ক্রিকেট ফ্যান, বারবাডোজ।’ ডিপারচার লাউঞ্জের গোলাকৃতি প্রতিটি উঁচু দেয়ালে লেখা-‘হোম অব দ্য ফাইনালস।’

সোবার্স-গ্রীনিজের ভেন্যুতে এর আগে ট্রফিতে হাত ছুঁয়েছেন রিকি পন্টিং, মর্গান। এবার পরীক্ষা রোহিত-মার্করামের। ভারতের দ্বিতীয়, না দক্ষিণ আফ্রিকার প্রথম ? না, জয় হবে বৃষ্টির ? সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের চোখ ব্রিজটাউনের কেনিংস্টন ওভালের দিকে।

১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলে আইসিসির মেগা দুটি আসর বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ট্র্যাজেডিকে নিয়তি হিসেবে এতোদিন মেনে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে ৫ বার, টি-টোয়েন্টি বিশ্বকাপে ২ বার সেমিফাইনাল ট্র্যাজেডিতে দলটার গায়ে চোকার্স অপবাদ লেগেছে।

সেই চোকার্স দক্ষিণ আফ্রিকা চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকে ট্রফির লড়াইয়ে অবতীর্ন! ভাগ্যটাও পক্ষ নিয়েছে দক্ষিণ আফ্রিকার। গ্রুপ পর্বে যে দলটি হেরে যেতে পারতো ৩টি ম্যাচে, ডেথ ওভারের বোলিংয়ে সেই ৩টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে অন্য এক দক্ষিণ আফ্রিকা আবির্ভুত। যে পর্বে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বাধা পেরিয়ে সেমিফাইনালে থামিয়েছে আফগান রূপকথা। সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ভারতকে ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা মনস্তাত্ত্বিক চাপে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরের চ্যাম্পিয়ন ভারত ২০১৪ সালে মিরপুরে কেঁদেছে। এক দশক পর ট্রফি ছোঁয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে প্রতিটি ম্যাচেই পরিচ্ছন্ন ব্যবধানে জিতে ফাইনালে ফেভারিট ভারত। 

কোচ রাহুল-অধিনায়ক রোহিত জুটি ১২ মাসের মধ্যে আইসিসির তিনটি মর্যাদাপূর্ণ আসরের ফাইনালিস্ট। লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয়েছে ভারত। 

গত বছর দুটি ট্রফির লড়াইয়ে হারের কষ্টটা ভুলতে পারছেন না কোচ রাহুল দ্রাবিড়। বিশেষ করে ৭ মাস আগে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে নীল ঢেউ স্তব্ধ হওয়ার অতীতটা ভুলতে চান ভারত কোচ রাহুল দ্রাবিড়।

এভারেস্টের চূড়ায় পা দিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে চান দ্রাবিড়-‘এর আগের দুবার বিশেষ করে বিশ্বকাপে ট্রফি জিততে না পারায় অপরাধবোধে তাড়িত হয়েছি। আমরা ধারাবাহিকভাবে অনেক বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। বিশেষ করে গত বছর, তিন ফরম্যাটেই এক নম্বরে থাকা, ফাইনালে খেলা.., একটা ভালো ব্যাপার। ভারতীয় ক্রিকেট অনেক ধারাবাহিকতা দেখিয়েছে এবং এটা খুবই আনন্দের বিষয়। এবং... যদি আমরা ভাল খেলি, তাহলে আমরা জিতব। আমি মাউন্ট এভারেস্ট আরোহণ করতে চাই কারণ ট্রফিটি সেখানে আছে। আমি এই বিশ্বকাপ জিততে চাই, এটা শুধু জেতার জন্য আছে।’

১৯৯৮'র হ্যান্সি ক্রোনিয়ের হাত ধরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ২৬ বছর পর আইসিসির মেগা আর একটি আসরে সর্বোচ্চ সাফল্য পেতে মুখিয়ে আছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম।

২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মার্করামের আইসিসির মেগা ইভেন্টেও ট্রফি উঁচু করে ধরতে চান-‘এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ভিন্ন কন্ডিশনে খেলেছি। সামনে যা কিছু আছে তার সাথে খাপ খাইয়ে নেয়াটাই চ্যালেঞ্জ। বোলিংয়ে উইকেট নেওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করব এবং ব্যাটিং দৃষ্টিকোণ থেকে এমন একটি স্কোর পেতে চেষ্টা করব যে পুঁজি দিয়ে লড়াই চালিয়ে যাওয়া যায়।  দুই দলকেই একই উইকেটে খেলতে হবে। এবং পরিশেষে, আপনি যদি কিছু পরিকল্পনা তৈরি করতে পারেন এবং সেই দিনে এমন কিছু পরিকল্পনা নিয়ে আসতে পারেন যা আপনাকে জেতার একটি ভাল সুযোগ দিতে পারে। এটি ক্রিকেট খেলা। কাউকে জিততে হয়, আর কাউকে শেষ পর্যন্ত হারতে হয়।  ক্লোজ ম্যাচগুলো জিতে আত্মবিশ্বাস পেয়েছি। এটা কিন্তু আপনার চেঞ্জিং রুমের জন্য অনেক কিছু করে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers