বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩২ , ২৫ রজব ১৪৪৭

খেলা

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক জুলাই ১১, ২০২৫, ১৯:১৩:১৩

254
  • ছবি: ইন্টারনেট

এবারের সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে ফেবারিট বাংলাদেশ দল। যার প্রমাণ লাল-সবুজ প্রতিনিধিরা দিল শুক্রবার নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে। 

ঢাকার কিংস অ্যারেনায় শুক্রবার ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখিয়ে গোল উৎসব করে বাংলাদেশের মেয়েরা। মোসাম্মৎ সাগরিকা করেছেন হ্যাটট্রিক, মুনকি আক্তার দুই গোল। এ ছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে দ্বিতীয়ার্ধে।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে গোল এনে দেন স্বপ্না রানী। ১৯ বছর বয়সী মিডফিল্ডার গোলটি করেন সরাসরি ফ্রি–কিক থেকে।

এর তিন মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যান আফঈদা খন্দকাররা। এবার একাই প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। এদিকে ১৯ মিনিটে পোস্টের একেবারে সামনে বল পেয়েও নিশানা ভেদ করতে পারেননি মুনকি। তাতে অবশ্য বাংলাদেশের আক্রমণের গতিতে একটুও ভাটা পড়েনি।

তবে ম্যাচের ৩৭ মিনিটে আসে তৃতীয় গোল। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা বাংলাদেশের সিনহা জাহানের ক্রস থেকে আলতো শটে বল জালে জড়ান সাগরিকা। এরপর ৩৮ ও ৪৫ মিনিটে দুই –দুবার প্রতিপক্ষের জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেগুলো আর গোলের খাতায় উঠেনি।  

বিরতির পর  ৪৮ মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠা সাগরিকার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি। ৪৯ মিনিটে শান্তি মার্ডির লম্বা ক্রসে পা ছুঁয়ে বল জালে পাঠান সিনহা। এরপর ৫২ মিনিটে বন্যা খাতুনের পাস ধরে দারুণভাবে প্রতিপক্ষের বক্সে ঢুকে দলের ষষ্ঠ গোল আদায় করে নেন সেই সাগরিকা। এর ছয় মিনিট পর আবারও সাগরিকা; এবার নিজের হ্যাটট্রিক করার আনন্দে মাতেন। পোস্টের ডান পাশ থেকে তাকে গোলমুখে বল বাড়িয়ে দেন পুজা দাস। সেই বল মুহূর্তের মধ্যে জালে জড়ান ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

৫৮ মিনিটের মধ্যে ৭–০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশকে এরপর কিছুটা সময় আটকে রাখতে পেরেছে শ্রীলঙ্কা। তবে ৮৫ মিনিটে রূপা আক্তারকে আর আটকানো যায়নি।

বন্যার কর্নার থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে বল জালে পাঠান রুপা। ৯০ মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দূর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লাইয়ানশিকা। এর পর পরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন নয় নম্বর গোল। শেষ পর্যন্ত বড় জয়ে এবারের টুর্নামেন্টের পথচলা শুরু হল মেয়েদের। 

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের সামনে পড়বেন স্বপ্না–সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

নিউজজি/সিআর 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন