বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা

‘ভারতের সঙ্গে সম্পর্ক এখনো খুব ভালো’

ক্রীড়া ডেস্ক জুলাই ২৪, ২০২৫, ১১:০১:৩৯

496
  • ছবি: ইন্টারনেট

ঢাকায় আজ শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। তবে কয়েকদিন ধরেই গুঞ্জন এ সভায় যোগ দেবে না ভারত। শুধু তাই নয়, সভাটি অন্য কোথাও স্থানান্তর করতে বলেছে তারা। তেমনটা না হলে এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে না বলে হুমকিও দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে।

আগস্টে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে এর আগে। সাম্প্রতিক এ ঘটনাগুলোয় মনে হতে পারে, বিসিসিআইয়ের সঙ্গে হয়তো বিসিবির সম্পর্ক তেমন ভালো নয়। যদিও কাল রাতে বিসিসিআই জানিয়েছে, এসিসির সভায় অনলাইনে যোগ দিতে পারে তারা।

 ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন, ‘আমাদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক সব সময় ভালো ছিল। এখনো খুবই ভালো আছে।’ পরে তিনি জানিয়েছেন, দুই দলের জন্য সুবিধাজনক সময়েই সিরিজটির সূচি নির্ধারণ করা হয়েছে।

ভারতের এসিসির সভায় যোগ না দেওয়ার খবর কয়েক দিন ধরেই আলোচনায় ছিল। এ নিয়ে বিসিবির ভেতরেও চাপে ছিলেন আমিনুল। এমনও গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত হয়তো সভাটি স্থগিত করে দিতে হতে পারে। সেখান থেকে কীভাবে বিসিসিআইকে রাজি করালেন?

এ ব্যাপারে আমিনুল বলেন, ‘দুই দিন ধরে বেশ কিছু পরিকল্পনা করছি। সবার আগে ক্রিকেট। আমাদের সকলের মধ্যে যদি কোনো ভুল–বোঝাবুঝি থেকে থাকত, যেহেতু বাংলাদেশে এসিসির এজিএমটা আয়োজন করছি, সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্য নিয়ে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে।’

এখনও এশিয়া কাপ হবে কি না ধোঁয়াশা কাটেনি। বিষয়টি নিয়ে আজ এসিসির সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন আমিনুল, ‘এশিয়া কাপ নিয়ে... এটা কালকে (আজ বৃহস্পতিবার) আমাদের এজিএম আছে, সেখানে এজেন্ডাগুলোর একটি এটি। ওখানে আলোচনা হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers