বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

খেলা

একবার নয়, ক্যারিয়ারে অনেকবার ব্যালন ডি’অর জিততে চান ইয়ামাল

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০২৫, ২০:০০:০৫

344
  • ছবি: ইন্টারনেট

লামিনে ইয়ামালের বয়স মাত্র ১৮। এই অল্প বয়সেই ফুটবল বিশ্বে তারকাখ্যাতি পেয়ে গেছেন। পায়ের জাদুতে ভক্তদের মনও জয় করেছেন বার্সেলোনার তরুণ সেনসেশন। এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবে রয়েছেন তিনি। যদিও এ পুরস্কার তার হাতে উঠবে কি না জানা নেই কারও। তবে স্প্যানিশ এই ফরোয়ার্ড বললেন, কেবল একবার নয়, ক্যারিয়ারে অনেকবার এই পুরস্কারের স্বাদ পেতে চান তিনি।

গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে বড় অবদান রাখা উসমান দেম্বেলেকে এবারের ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে। তবে বার্সেলোনার লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে ভূমিকা রাখা ইয়ামালের হাতেও পুরস্কারটি দেখছেন অনেকে।
 
আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে হবে ব্যালন ডি’র অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ব্যালন ডি’র জয়ী নির্বাচিত হয় সাংবাদিকদের ভোটে। এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ তা গোপন রেখেছে।
 
চলতি সপ্তাহে এক পডকাস্টে ব্যক্তিগত সাফল্যের লক্ষ্য নিয়ে ইয়ামাল বলেন, ‘বন্ধুদের বলেছি, আমি কেবল একবার ব্যালন ডি’র জয়ের স্বপ্ন দেখি না, অনেকবার এই পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখি।’
 
এরই মধ্যে বার্সেলোনার হয়ে একশর বেশি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন তিনি।
 
জাতীয় দলের হয়েও বড় এক শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ইয়ামাল। স্পেনের ২০২৪ সালে ইউরো জয়ে এই রাইট উইঙ্গার একটি গোল করার পাশাপাশি সতীর্থের চারটি গোলে রাখেন অবদান।
 
চলতি মৌসুমেও ছন্দে আছেন তিনি। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে গোল করতে না পারলেও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। আর বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে করেছেন দুই গোল, করিয়েছেন তিনটি।
 
নিজের কাজটা এখন পর্যন্ত বেশ ভালোভাবেই করে যাচ্ছেন ইয়ামাল। সামনেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি, ‘আমার মনে হয়, আমি এমন একজন ফুটবলার যার এই পুরস্কার জয়ের সামর্থ্য আছে। আর যদি জিততে না পারি, তাহলে এর কারণ হবে, আমিই সবকিছু ঠিকঠাক করিনি কিংবা আমার এটা পাওয়ার তাড়না ছিল না। তাই, আমি অনেকবার ব্যালন দ’র জয়ের স্বপ্ন দেখি এবং যখন সেই দিন আসবে (পুরস্কারটি জিতব), তখন খুবই খুশি হব।’
 
নিউজজি/সিআর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers