বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

বিসিবির পরিচালক হলেন খালেদ মাসুদ

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৬, ২০২৫, ২১:২৫:২৭

286
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে কোন উত্তাপ নেই এবার। তাই ফলাফল নিয়ে তেমন আগ্রহও ছিল না। তবে নির্বাচনের ময়দানে ছিলেন ক্যাটাগরি-৩ এর দুই প্রার্থী দেবব্রত পাল ও খালেদ মাসুদ। সেখানেও বেশ অসম লড়াইই হয়েছে। ৪৫টি ভোটের মধ্যে এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৪৩টি, যার একটি বাতিল হয়েছে। বাকি ৪২ ভোটের ৩৫টি পেয়ে ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তার প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই নির্বাচনে ‘ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তির প্রভাবে’র অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন দেবব্রত। তার দাবি, শুরু থেকেই মাসুদের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করেছে একটি পক্ষ। যদিও মাসুদ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বিসিবির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৯১ জন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পরিচালকদের বিভাগের ভোটারদের বাদ দিয়ে ১৫৬ জন ভোটারের আজ ভোট দেওয়ার কথা ছিল। তাঁদের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন, মোট ভোটারের ৭৩.৭১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা শেখ জোবায়েদ হোসেন।

জেলা ও বিভাগের ক্যাটাগরি-১ এ নির্বাচন হয়েছে শুধু ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। রাজশাহীতে তিন প্রার্থীর মধ্যে হাসিবুল আলম আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মুখলেসুর রহমান ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগে হাসানুজ্জামানও ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বাকি দুজনের মধ্যে নূর এ শাহাদাৎ ১ ও রেহাতুল ইসলাম খান শূন্য ভোট পেয়েছেন।

আনুষ্ঠানিকভাবে ভোট হলেও  ঢাকা বিভাগ থেকে গতকালই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এই বিভাগে বিসিবির সর্বশেষ পরিচলনা পর্ষদের সভাপতি আমিনুল ১৫ ও সহসভাপতি নাজমূল ১৫টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে  চট্টগ্রাম বিভাগে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনায় আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেটে রাহাত শামস ও বরিশালে শাখাওয়াত হোসেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। মোট ৭৬টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৪২টি করে ভোট পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ফারুক আহমেদ, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইসতিয়াক সাদেক ও ঢাকা মেরিনারের শানিয়ান তানিম। এ ছাড়া ঢাকা স্পারটাসের আমজাদ হোসেন, যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের মেহরাব আলম চৌধুরী ও গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাবের মোকছেদুল কামাল ৪১টি করে ভোট পেয়েছেন।

৪০টি করে ভোট পেয়েছেন রূপগঞ্জ টাইগার্সের আদনান রহমান, উত্তরা স্পোর্টিং ক্লাবের ফায়াজুর রহমান ও প্রাইম দোলেশ্বরের আবুল বাশার। ৩৯টি ভোট পেয়েছেন সাবেক বিসিবি পরিচালক ও রেগুলার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মনজুর আলম, ৩৭টি ভোট পেয়েছেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির এম নাজমুল ইসলাম ও সাবেক বিসিবি পরিচালক এবং ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান পেয়েছেন ৩৪ ভোট।

বিসিবির পরিচালনা পর্ষদ

ক্যাটাগরি - ১

ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম (১৫), নাজমুল আবেদীন ফাহিম (১৫)

চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর

খুলনা বিভাগ: আবদুর রাজ্জাক, জুলফিকার আলী খান

রাজশাহী বিভাগ: মুখলেসুর রহমান (৭)

রংপুর বিভাগ: হাসানুজ্জামান (৭)

সিলেট বিভাগ: রাহাত শামস

বরিশাল বিভাগ: শাখাওয়াত হোসেন

ক্যাটাগরি - ২

ফারুক আহমেদ (৪২), ইসতিয়াক সাদেক (৪২), শানিয়ান তানিম (৪২), আমজাদ হোসেন (৪১), মেহরাব আলম চৌধুরী (৪১), মোকছেদুল কামাল (৪১), আদনান রহমান (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), মনজুর আলম (৩৯), এম নাজমুল ইসলাম (৩৭), ইফতেখার রহমাস (৩৪)

ক্যাটাগরি - ৩

খালেদ মাসুদ পাইলট (৩৫)

জাতীয় ক্রীড়া পরিষদ

এম ইসফাক আহসান,⁠ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

(বন্ধনীতে প্রাপ্ত ভোটের সংখ্যা। বাকিরা বিনা প্রতিদ্বন্দিতায়)

নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা হয়ে গেছে সোমবার রাতেই। সামনে গঠিত হবে বোর্ডের বিভিন্ন কমিটি। বিসিবির পরিচালনা পর্ষদের মেয়াদকাল চার বছর।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers