বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

খেলা

ব্রিসবেন টেস্ট: ইংল্যান্ডের ক্যাচ মিসের সুযোগে অস্ট্রেলিয়ার লিড

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৫, ২০২৫, ২১:৩১:৫৩

190
  • ছবি: ক্রিকইনফো

দ্বিতীয় দিন গুটিয়ে যেতে বেশি সময় লাগেনি ইংল্যান্ডের। তারা স্কোর বোর্ডে তোলে ৩৩৪ রান। এরপর একের পর এক ক্যাচ মিসের যেন মহড়া দিল দলটি। এ সুযোগে দিন শেষে তাদের বিপক্ষে অস্ট্রেলিয়া নিল ৪৪ রানের লিড। 

আগের দিনের স্কোরের সঙ্গে এদিন মাত্র ৯ রান যোগ করে ইংল্যান্ড। ২০৬ বলে ১৫ চার ও ১ ছয়ে ১৩৮ রানে অপরাজিত ছিলেন জো রুট। ২৬৪ রানে ৯ উইকেট হারানোর পর জোফরা আর্চারের (৩৮) সঙ্গে ৭০ রানের জুটি গড়েন তিনি। মিচেল স্টার্ক এই ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নেন।

জবাব দিতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। ৭৭ রানে ওপেনিং জুটি ভাঙে।  নবম ওভারে জীবন পেয়ে হেড ৩৩ রান করে থামেন। জেক ওয়েদারাল্ড তারপর মার্নাস লাবুশেনকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন। ৭৮ বলে ১২ চার ও ১ ছয়ে ৭২ রান করেন তিনি। লাঞ্চের আগে আরেকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। লাবুশেন ৬৫ রান করে বিদায় নেন। স্টিভ স্মিথের সঙ্গে তার জুটি ছিল ৫০ রানের।

ক্যামেরন গ্রিন ও স্মিথের জুটিতে অস্ট্রেলিয়া শক্ত ভিত গড়ে। ৯৫ রান তোলেন তারা চতুর্থ উইকেট জুটিতে। গ্রিন পাঁচ রানের আক্ষেপে পোড়েন। ৪৫ রান করেন তিনি। বেন ডাকেটের হাত ফসকে অ্যালেক্স ক্যারি জীবন পেলে দুই বলে দুটি উইকেট নেওয়া হয়নি ব্রাইডন কার্সের। তবে এক বল পর স্মিথও ফিরে যান একই ওভারে। অধিনায়কের ব্যাট থেকে আসে ৬১ রান।

এরপর ইংল্যান্ড আরও তিনবার ক্যাচ ফেললে অস্ট্রেলিয়া শক্ত অবস্থান নেয়। জশ ইংলিসকে ডাকেট, মাইকেল নেসারকে কার্স ও ক্যারিকে রুট জীবন দেন। ইংলিস (২৩) অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। ক্যারি ও নেসার ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন।

৪৬ রানে ক্যারি ও নেসার ১৫ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৭৮ রান করেছে, যা দিবারাত্রির টেস্টে একদিনে কোনো দলের সর্বোচ্চ। তাছাড়া দুই দলের ইনিংস মিলিয়ে আজ হয়েছে ৩৮৭ রান, যা আরেকটি রেকর্ড।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন