বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

আইসিসির মাস সেরার দৌড়ে তাইজুল

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৫, ২০২৫, ২১:৩৮:৪২

364
  • ছবি: ইন্টারনেট

ঘরের মাঠে গত আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে দাপট দেখান তাইজুল ইসলাম। দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নেন বাংলাদেশ স্পিনার। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন তাইজুল। বাঁহাতি এ স্পিনারের সঙ্গে মনোনয়ন পাওয়া বাকি দুজনও স্পিনার—দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ।

 শুক্রবার আইসিসির ওয়েবসাইটেপ্রকাশিত তালিকায় তাইজুলকে নিয়ে লেখা হয়, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পেছনে ফেলে এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও হন তাইজুল। ৫৭ টেস্টে তাঁর শিকার ২৫০ উইকেট।

গত মাসে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে। এই সিরিজে অবিশ্বাস্য ৮.৯৪ গড়ে সর্বোচ্চ ১৭ উইকেট নেন অফ স্পিনার হারমার। প্রথম টেস্টে ৮ এবং পরের টেস্টে ৯ উইকেট নেন। গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ জয়ে সর্বোচ্চ ১০ উইকেট নেন নেওয়াজ। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ে ১৭ রানে ৩ উইকেট নিয়ে বড় ভূমিকা ছিল তাঁর।

মেয়েদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের শেফালি বর্মা, থাইল্যান্ডের থিপাচা পুথাওয়াং ও আরব আমিরাতের এশা ওজা। গত ২ নভেম্বর মেয়েদের বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ে দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন শেফালি। মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে যৌথভাবে সর্বোচ্চ ১৫ উইকেট নেন থাই স্পিনার থিপাচা। গত মাসে ৭ টি–টোয়েন্টি ম্যাচ খেলে ১৩৭.৫০ স্ট্রাইকরেটে ১৮৭ রান করেন ওজা।

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে গত মে মাসে আইসিসির এপ্রিলের সেরা খেলোয়াড় হন মেহেদী হাসান মিরাজ। তাঁর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এ পুরস্কার জিতেছেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers