বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

খেলা

ঢাকায় আসছে বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত স্বর্ণালী ট্রফি

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০২৫, ২১:২২:৩৫

327
  • ছবি: ইন্টারনেট

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশের ফুটবল প্রেমিদের জন্য দিয়েছে দারুণ এক সুখবর। আগামী বছরের শুরুতে ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত স্বর্ণালী ট্রফি। তবে এই সফর চূড়ান্তভাবে নির্ভর করছে দেশের সার্বিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপের যাত্রা। প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ায় কাগজ কলম নিয়ে প্রিয় দলের বিশ্বকাপ সফর নিয়ে হিসেব-নিকেশও শুরু করেছেন সমর্থকরা।

এদিকে বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি এক দিনের সফরে বাংলাদেশে আসার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বিশ্বকাপ ট্রফির। সফরসূচি এখনো চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও ফিফা ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি মৌখিক ও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ৪৮ দল। এবারের বিশ্বকাপ ট্রফি সফরে আয়োজক প্রতিষ্ঠান দর্শক সম্পৃক্ততা বাড়াবে বলে প্রত্যাশা বাফুফের। ২০২৬ বিশ্বকাপের ম্যাচ বাড়ায় এবার ফিফা থেকে পাওয়া টিকিটের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। 

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমাদেরকে বার্তা পাঠিয়েছে যে তারা ট্রফিটা আনছে। আমরাও জানতাম। ট্রফিটা বাংলাদেশে এক দিনের জন্য আসবে। আমাদেরকে বলা হয়েছে, ওরা ফাইনাল পরিকল্পনা করে আমাদের দেখাবে। সেখানে যদি আমাদের কোনো ইনপুট থাকে, তারা বিবেচনা করবে। আমরা কিন্তু ইতোমধ্যেই ফিফাকে জানিয়েছে, এবার যেহেতু খেলা বেড়েছে, আমাদেরকে বেশি টিকিট দেওয়া যায় কিনা।’

তিনি আরও বলেন, ‘ফিফা আমাদের নিশ্চিত করেছে যে ট্রফি সফরের পরিকল্পনা রয়েছে। তারা তাদের চূড়ান্ত রূপরেখা আমাদের কাছে উপস্থাপন করবে। সেখানে আমাদের কোনো প্রস্তাব থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।’

আগামী বছরে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। তবে থেমে থাকবে না দেশের ফুটবলের কার্যক্রম। আগামী বছরে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাফুফে। এর মধ্যে আলোচিত সুলিভান ব্রাদার্স রয়েছেন তালিকায়। তবে ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে এখনই আশার কথা শোনানো যাচ্ছে না। 

এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘সুলিভান ব্রাদার্স তো অবশ্যই আছেন। আমরা অনেক আগে থেকেই তাদের নিয়ে কাজ শুরু করেছি। শমিতের সঙ্গে যখন আমরা কথা বলি, তখনই কিন্তু ফারহানের পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তখন তারা জানিয়েছিল, এ মুহূর্তে তারা বিবেচনা করছে না। সুতরাং আমরা অপেক্ষা করব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন