মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা

অবসর ভেঙে উরুগুয়ের জার্সিতে ফিরতে চান সুয়ারেজ

নিউজজি ক্রীড়া ডেস্ক এপ্রিল ৯, ২০২৬, ১৪:১৪:৪৫

156
  • সংগৃহীত

দেড় বছর আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন লুইস সুয়ারেজ। তবে এখনও একবারে নিজের জার্সি তুলে রাখেননি তিনি। ঠিকই মাঠ মাতাচ্ছেন ক্লাব ফুটবলে। এবার সেই তিনিই অবসর ভেঙে ফিরতে চাইছেন জাতীয় দল উরুগুয়ের জার্সিতে। এর পেছনের কারন সামনে বিশ্বকাপ।

উরুগুয়ের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ডায়ারিও ওভেশন’কে সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী সুয়ারেজ বলেন, ‘আপনি অবশ্যই সবসময় জাতীয় দলে খেলতে চাইবেন। আপনি এটা নিয়ে ভাবতে শুরু করেন, যা আপনার মাথায় ঘুরতে থাকবে এবং যখন বিশ্বকাপ সন্নিকটে, তখন আপনি কী করবেন? আপনি কখনোই নিজের দেশকে না বলতে পারবেন না, আমার ক্ষেত্রেও বিষয়টি একই।’

সুয়ারেজ আরও বলেছেন, ‘অন্য খেলোয়াড়দের সুযোগ করে দিতে আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম। কারণ আমার তখন মনে হয়েছিল আমি দীর্ঘ সময় সম্ভবত স্কোয়াডে থাকার উপযোগী নই। কিন্তু যদি তাদের আমাকে প্রয়োজন হয়, আমি কখনো জাতীয় দলকে না বলব না। এটি অসম্ভব…যতদিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাই এবং সক্রিয় থাকি।’

১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ছাড়ার আগে সুয়ারেজ উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেন। যা দেশটির জার্সিতে সর্বোচ্চ। প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠ মন্টেভিডিওতে তার বিদায়ী ম্যাচে সপরিবারে হাজির হয়েছিলেন। গ্যালারিভর্তি সমর্থকদের অভ্যর্থনার বিপরীতে শেষবার জাতীয় দলের জার্সি পরে নেমে অশ্রুভেজা চোখে বিদায় নেন সুয়ারেজ। সেই ম্যাচে পুরো ৯০ মিনিটই তিনি মাঠে ছিলেন।

যদিও অবসর নেওয়ার সিদ্ধান্ত কখনোই সহজ বিষয় নয় বলে সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন সুয়ারেজ, ‘ফুটবলে সবসময় প্রত্যাশা নিয়ে স্বপ্ন পূরণ ও গোল পাওয়ার লক্ষ্যে আবেগ আপনাকে ধাবিত করবে। জাতীয় দলের অংশ হওয়ার স্বপ্নও টিকে থাকে নিজের মাঝে। অবশ্য আমি বেশ কিছু কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এরপর আমার কখনও ফুটবলের জন্য উদ্দীপনাটা একটুও কমেনি।’

সম্প্রতি মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ইন্টার মিয়ামির ২-২ সমতার ম্যাচে গোল করেন সুয়ারেজ।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবল বিশ্বকাপ আসর। যেখানে উরুগুয়ে ‘এইচ’ গ্রুপে লড়বে স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের সঙ্গে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers