বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা

সোধির বিশ্বাস, তিন সংস্করণেই বিশ্ব মাতাবেন রিশাদ

ক্রিড়া ডেস্ক এপ্রিল ২৫, ২০২৬, ১৯:৫১:৩০

136
  • সোধির বিশ্বাস, তিন সংস্করণেই বিশ্ব মাতাবেন রিশাদ

ঢাকা: আগামী সোমবার মাঠে গড়াবে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এ সিরিজে পার্থক্য গড়ে দিতে পারেন দুই দলের দুই লেগ স্পিনার। বাংলাদেশের রিশাদ হোসেনের বিপরীতে কিউই দলে আছেন অভিজ্ঞ ইশ সোধি। মাঠের লড়াইয়ের বাইরে অবশ্য দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফলতম বোলারদের একজন সোধি। তার বিশ্বাস, বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই বিশ্ব মাতাবেন রিশাদ।

এখন পর্যন্ত ১৬২ উইকেট নিয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি নিউ জিল্যান্ডের অভিজ্ঞ  লেগ স্পিনার সোধি। সেই তিনিই হতে পারেন আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের পথের কাটা। তবে আপাতত  এসব নিয়ে সোধির মধ্যে নেই কোন ভাবনা। উল্টো শনিবার দলের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষ লেগ স্পিনার রিশাদকে প্রশংসায় ভাসান, ‘রিশাদ সত্যিই দারুণ করছে। বিগ ব্যাশ লিগে গিয়ে সে গিয়ে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে এত ভালো বোলিং করেছে- এটাই প্রমাণ করে যে সে একজন খুবই বৈচিত্রময় স্পিনার।’

তিনি আরও বলেন ‘অনেক সময় এশিয়ার লেগ-স্পিনাররা একটু নিচু লাইন ধরে, স্কিডি বা ফ্ল্যাট বল করে। তবে সে একদম প্রথাগত ধরনের—বলটা ভালোভাবে ওপর থেকে ছুঁড়ে দেয় ও অনেক বাউন্স আদায় করতে পারে। সত্যি বলতে, এই অঞ্চলে অনেক দিন ধরেই এমন ধরনের বোলার দেখা যায়নি।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রিশাদের সঙ্গে যোগাযোগ হয় সোধির। আর সামনের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের কাছ থেকে কিছু পরামর্শও নেবেন ৩৩ বছর বয়েসি তারকা। এ ব্যাপারে কিউই লেগি বলেন ‘আমার মনে হয়, রিশাদ ভীষণ রোমাঞ্চকর ও সম্ভাবনাময় বোলার। বলের ওপর দারুণ রেভ (স্পিন) দিতে পারে। মাঝেমধ্যে আমি তাকে ইন্সটাগ্রামে মেসেজও করি- এভাবে যোগাযোগ রাখাটা আমার বেশ ভালো লাগে।’

তিনি আরও বলেন,  ‘রিশাদের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। সবসময় যে ক্রিকেট নিয়ে কথা হয়েছে তা নয়। তবে মাঝেমধ্যে তার সঙ্গে যোগাযোগ হয়। সিরিজের মাঝে হয়তো আবারও তার সঙ্গে দেখা হবে, তখন এই কন্ডিশনে সে কেমন করছে, কী কী বিষয় তার পক্ষে কাজ করছে- এসব নিয়ে কিছুটা ধারণা নেয়ার চেষ্টা করব।’

২০২৩ সালে অভিষিক্ত রিশাদ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বছরেই আলো ছড়ান। বিগ ব্যাশে গিয়েও স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ১৫ উইকেট নেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে শুধু ওয়ানডে ও টি–টিয়েন্টিই খেলছেন রিশাদ। সোধির বিশ্বাস, দ্রুতই টেস্ট ক্রিকেটেও আলো ছড়াবেন তরুণ লেগ স্পিনার, ‘আমার বিশ্বাস, রিশাদের সামনে খুব উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আশা করি, সে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে। আজকাল তো লেগ-স্পিনারদের টেস্ট ক্রিকেটে খুব বেশি দেখা যায় না। তাই আবার কোনো লেগ-স্পিনারকে এই ফরম্যাটে খেলতে দেখা সত্যিই দারুণ হবে। আর রিশাদ যে এই পর্যায়ে পৌঁছানোর মতো দক্ষতা রাখে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

আগামী সোমবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ এপ্রিল চট্টগ্রামেই দ্বিতীয় ম্যাচ এবং ২ মে ঢাকায় হবে তৃতীয় ম্যাচ।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers