বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা

অধিনায়ক হিসেবে পূর্ণ স্বাধীনতাই পাচ্ছি, দলও গোছাচ্ছি : লিটন

ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৬, ২০২৬, ১৯:৪৬:১৮

120
  • অধিনায়ক হিসেবে পূর্ণ স্বাধীনতাই পাচ্ছি, দলও গোছাচ্ছি : লিটন

বাংলাদেশ দলকে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন দাস দিচ্ছেন লম্বা সময় ধরে। ২০২৮ বিশ্বকাপেও তিনিই নেতৃত্ব দেবেন টাইগারদের। আর তাই দলকে এগিয়ে নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট ও বিসিবি থেকে পূর্ণ স্বাধীনতাই পাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার।

এখন পর্যন্ত বাংলাদেশকে  ২৯টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। যেখানে জয় ১৫টি, আর হেরেছেন ১৩ ম্যাচে। জয়-পরাজয়ের হারে তিনিই বাংলাদেশের সফলতম অধিনায়ক। তাই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ ক্রিকেটে প্রায়ই অভিযোগ শোনা যায়, অধিনায়করা নিজেদের মতো করে দলকে এগিয়ে নেয়ার পরিকল্পনা সাজাতে পারেন না। সেদিক থেকে এখন পর্যন্ত ব্যতিক্রম লিটনের দায়িত্ব। তিনি সরাসরিই বলেছেন, পূর্ণ স্বাধীনতাই পাচ্ছেন তিনি। চট্টগ্রামে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে ইতিবাচক কথাই বলেন লিটন, ‘অধিনায়ক হিসেবে আমি অনেক স্বাধীন। আমি আমার মতো করেই টিম গোছাচ্ছি। এর সঙ্গে নির্বাচক আছেন, কোচ আছেন। আমাদের সবার পরিকল্পনার মাধ্যমেই আমরা দলটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়ার আশার কথাই বলেছেন লিটন, ‘সত্যি বলতে, খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানের জন্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেহেতু এখন যথেষ্ট সময় আছে, প্রস্তুতি সেভাবে থাকবে।’

লিটনের অধিনায়কত্বে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাঠে গিয়ে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশের তৎকালীন সরকার। তাই বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয় ক্রিকেটারদের। লিটন জানালেন, সেই আক্ষেপ ভুলে সামনের জন্য উঠে দাঁড়িয়েছেন দলের ক্রিকেটাররা, ‘আমার মনে হয়, অবশ্যই সবাই মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি যেখানে সবাই চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা ম্যাচই প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সবাই ওভাবেই চিন্তা করবে। বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয় দরকার, জেতার যে মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকে উইকেট-কন্ডিশন বিবেচনা করে যথাযথ প্রস্তুতি নিতে চান লিটন।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers