বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা

বিশ্বকাপের আক্ষেপ ভুলে টি-টোয়েন্টিতে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৬, ২০২৬, ১৯:৫২:১৭

76
  • বিশ্বকাপের আক্ষেপ ভুলে টি-টোয়েন্টিতে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

গত বিশ্বকাপে সুযোগ থাকা সত্ত্বেও  সরকারি সিদ্ধান্তের কারণে খেলা হয়নি বাংলাদেশের। স্বাভাবিকভাবেই আক্ষেপ ছিল টিম টাইগার্সের। তবে সেটা ৫ মাস পর কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছে লিটন কুমার দাসের দল। সোমবার নতুন চেহারার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে এ সংস্করণের ক্রিকেটে ফিরছে লাল-সবুজ প্রতিনিধিরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজ।  দুপুর ২টায় শুরু হবে খেলা। এই সিরিজ দিয়ে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নেয়ার পথচলা শুরু হবে বাংলাদেশের।

বিশ্বকাপের আগের বছরটি দুর্দান্ত কেটেছিল বাংলাদেশের। ৩০ ম্যাচের ১৫টি জিতেছিল তারা। সিরিজ হারিয়েছিল শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশগুলোকে। সব মিলিয়ে ওই বছরে ২৩টি ফিফটির পাশাপাশি ১টি সেঞ্চুরিও করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। সব মিলিয়ে যথাযথ প্রস্তুতিই ছিল ২০২৬ বিশ্বকাপ খেলার জন্য। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। আর বাংলাদেশের ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি মেনে নেয়নি আইসিসি। ফলে লিটন-সাইফদের বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয়।

সেই তিক্ত স্মৃতি ভুলে এবার নতুন পথচলা শুরুর অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বেশিরভাগ উইকেটই হবে ব্যাটিংবান্ধব, পেসারদের জন্যও থাকবে সহায়তা।।

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা ছাড়াও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে নিউ জিল্যান্ডের অপরিচিত ক্রিকেটাররাও। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা ইশ সোধি শুধু আছেন এই সিরিজের দলে।

বাংলাদেশের জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই সিরিজের ফল। ২০২১ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজে কিউইদের ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। আর ২০২৩ সালের সফরে ১-১ ব্যবধানে ড্র করে তিন ম্যাচের সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে নিউ জিল্যান্ড। দুই দলের প্রথম চার সিরিজের সবকটিই জিতেছিল কিউইরা। তবে অতীত ভুলে নতুন করে সোমবার থেকে শুরু করতে চাই টিম টাইগার্স। সেটা নিশ্চয়ই হবে- সিরিজ জিতে এ সংস্করণে প্রতিপক্ষের বিপক্ষে প্রতিশোধ।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers