বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

খেলা

নাহিদ রানার দুর্দান্ত বোলিং, ৯ বছর পর পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার

ক্রীড়া ডেস্ক মে ৪, ২০২৬, ১১:২২:১৭

50
  • সংগৃহীত

‎আরও একবার বল হাতে জ্বলে নিজের দাপট দেখালেন নাহিদ রানা। দলের প্রয়োজনীয় সময়ে নেন ২ উইকেট। অন্যদিকে অ্যারন হার্ডি বলের পর ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত তাদের নৈপুন্যে হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে ৯ বছর পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চ্যাম্পিয়ন হলো পেশোয়ার জালমি।

‎পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ফাইনালে বাবর আজমের দল রবিবার রাতে জেতে ৫ উইকেটে। লাহোরে  হায়দরাবাদ কিংসমেনের ১২৯ রান ২৮ বল হাতে রেখে পেরিয়ে যায় জালমি।

‎রবিবার আগে ব্যাট করতে নেমে দারুন শুরু করে হায়দরাবাদ। সপ্তম ওভারে ২ উইকেটে ৭১ রানের শক্ত অবস্থানে ছিল তারা

‎ তবে নাহিদ রানা, অ্যারন হার্ডিদের দুর্দান্ত বোলিংয়ে পথ হারিয়ে দুই ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় তারা। ৪৮ রানের মধ্যে হারায় শেষ ৭ উইকেট।

‎নিজের প্রথম ওভারে ১৩ রান দিলেও, পরের তিন ওভারে একটি মেডেনে স্রেফ ৯ রান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহর উইকেট নেন নাহিদ। চার ওভারে ২২ রানে ওই ২ উইকেট শিকার করেন বাংলাদেশের ফাস্ট বোলার।

‎অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালের নায়ক হার্ডি। বোলিংয়ে চার ওভারে ২৭ রানে ৪ উইকেট নেন অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার। পরে চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ৯ চারে ৩৯ বলে ৫৬ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন তিনি।

‎‎পিএসএলে জালমির দ্বিতীয় শিরোপা এটি। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা ২০১৭ সালে দ্বিতীয় আসরে।

‎ছোট লক্ষ্য তাড়ায় জালমির শুরুটা ভালো ছিল না। প্রথম ওভারে বিদায় নেন মোহাম্মাদ হারিস ও অধিনায়ক বাবর। পাঁচ ওভারের মধ্যে ফিরে যান কুসাল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলও। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

‎সেখান থেকে ৮৫ রানের দারুণ জুটিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান হার্ডি ও সামাদ। জয় থেকে ৫ রান দূরে থাকতে সামাদ (৩৪ বলে ৪৮) ফিরলেও, কাজ শেষ করে ফেরেন হার্ডি।

‎কিংসমেনের হয়ে সাইম আইয়ুবের ৫০ বলে ৫৪ ছাড়া আর কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।

‎প্রথমবার পিএসএলে খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন নাহিদ। অভিষেক ম্যাচে ভালো না করলেও, পরের তিন ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে তিনি উইকেট নেন ৭টি। সব মিলিয়ে আসরে পাঁচ ম্যাচে নাহিদের শিকার ৯ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন তিনি স্রেফ ৫.৪৪ করে।

‎সংক্ষিপ্ত স্কোর:

‎হায়দরাবাদ কিংসমেন: ১৮ ওভারে ১২৯ (লাবুশেন ২০, সাদাকাত ১১, সাইম ৫৪, উসমান ৮, ইরফান ১, ম্যাক্সওয়েল ০, পেরেরা ১, হাসান ১২, হুনাইন ৯, আলি ১*, আকিফ ৫; ইফতিখার ২-০-২১-০, বাসিত ৩-০-২২-১, হার্ডি ৪-০-২৭-৪, নাহিদ ৪-১-২২-২, মুকিম ৪-০-২৩-১, ব্রেসওয়েল ১-০-১১-০)

পেশাওয়ার জালমি: ১৫.২ ওভারে ১৩০/৫ (হারিস ৬, বাবর ০, মেন্ডিস ৯, হার্ডি ৫৬*, ব্রেসওয়েল ৪, সামাদ ৪৮, ইউসুফ ৪*; আলি ৪-০-৩৮-৩, আকিফ ৪-০-২৯-১, হুনাইন ৩.২-০-২৬-১, হাসান ৩-০-২২-০, সাইম ১-০-১৩-০)

‎ফল: ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি

‎ম্যাচ সেরা: অ্যারন হার্ডি

টুর্নামেন্ট সেরা: সুফিয়ান মুকিম

‎নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers