সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা উৎসব বার্সেলোনার

ক্রীড়া ডেস্ক মে ১১, ২০২৬, ১০:৫১:৫২

197
  • সংগৃহীত

এল ক্লাসিকোর শিরোপা লড়াইয়ের ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখার মতো কিছু করতে পারেনি রিয়াল মাদ্রিদ। এ সুযোগে নিজেদের দাপট ধরে রাখে বার্সেলোনা। শেষ পর্যন্ত সেটা ধরে রেখে  প্রতিপক্ষকে অনায়াসে হারিয়ে লা লিগা জয়ের উল্লাসে মাতল কাতালানরা।

রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এই জয়ের ফলে লিগের মাত্র তিনটি ম্যাচ বাকি থাকতেই টেবিলের শীর্ষে ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল তারা। রিয়াল বাকি ম্যাচগুলো জিতলেও কোনোভাবে কাতালানদের ধরতে পারবে না। এরআগে ২০২৪ সালের গ্রীষ্মে ওই সময়ের এলোমেলো বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে লিগ শিরোপা জেতান এই জার্মান কোচ। একই স্বাদ পেলেন টানা দ্বিতীয় মৌসুমে।

​ম্যাচটির কয়েক ঘণ্টা আগে বাবা হারান কোচ ফ্লিক। তবে পেশাদারিত্বের প্রতি সম্মান জানিয়ে ডাগআউটে দাঁড়ান তিনি। শোকের চিহ্ন হিসেবে উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছিলেন এবং কিক-অফের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্লাসিকোয় মার্কাস রাশফোর্ড এবং ফেরান তোরেসের প্রথমার্ধের দুটি গোলই বার্সেলোনার জয়ের জন্য যথেষ্ট ছিল।

​খেলা শেষ হওয়ার বাঁশি বাজার সাথে সাথেই বার্সার খেলোয়াড় এবং কোচরা উল্লাসে মেতে ওঠেন। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ফ্লিক সমর্থকদের ধন্যবাদ জানান এবং নিজের দলকে একটি 'পরিবার' হিসেবে অভিহিত করেন।

শিরোপার সুবাস নিয়ে শুরুটা দারুণ করে বার্সেলোনা। ডি-বক্সের একটু বাইরে তরেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় তারা, এবং দারুণ বাঁকানো শটে রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন র‌্যাশফোর্ড। ওই ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগও পায়নি রিয়াল। ৯ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে তারা, রক্ষণের দুর্বলতার দায়ও আছে যথেষ্ট। বাঁ দিক থেকে আসা ক্রস ডি-বক্সে আন্টোনিও রুডিগারের চ্যালেঞ্জ সামলে দারুণভাবে কাটব্যাক করেন দানি ওলমো, আর ফাঁকায় বল পেয়ে জোরাল শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তরেস। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

দুই গোল হজমের তিন মিনিট পর দারুণ একটা সুযোগ পেয়েছিল সফরকারীরা; কিন্তু কাছ থেকে শট লক্ষ্যেই রাখতে পারেননি গন্সালো গার্সিয়া। প্রথমার্ধে ছয় শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারা রিয়াল বিরতির পরও উল্লেখযোগ্য কিছু করতে পারছিল না। ৬৩তম মিনিটে একবার জালে বল পাঠাতে পারেন বেলিংহ্যাম, তবে সঙ্গে সঙ্গেই বাজে অফসাইডের বাঁশি, যা কেবল রিয়ালের হতাশাই বাড়ায়।

লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে সরাসরি লিগ শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে রিয়াল ২-২ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল।

​টানা তিন বছর লা লিগা জিততে ব্যর্থ হওয়ার পর, বার্সা এখন শেষ চার মৌসুমের মধ্যে তিনবারই শিরোপা জিতল। ২০২৪ সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়া সাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মানি কোচ ফ্লিক তার দায়িত্ব পালন করা দুই মৌসুমেই বার্সাকে শিরোপা এনে দিলেন। এটি বার্সার ২৯তম লা লিগা জয়। ৩৬ শিরোপা জিতে তাদের উপরে আছে কেবল রিয়াল। ফ্লিক দায়িত্ব নেওয়ার পর বার্সা এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছে। এর মধ্যে রয়েছে দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং গত বছরের কোপা দেল রে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers