সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

মিরপুর টেস্ট: শান্ত-মুমিনুলের ব্যাটে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক মে ১১, ২০২৬, ১৮:৪৯:৪৫

171
  • মিরপুর টেস্ট: শান্ত-মুমিনুলের ব্যাটে এগিয়ে বাংলাদেশ

ঢাকা: সোমবার সকালে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম সুবিধা করতে পারেনি। দ্রুতই ফিরেন তারা। তবে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের পঞ্চাশ ছোঁয়া ইনিংস এবং তাদের শতরানের জুটির সৌজন‍্য চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বৃষ্টি বিঘ্নিত আর আলোকস্বল্পতায় আগেভাবেই  মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে।  বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫২। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ১৭৯ রানে।

১০৫ বলে ছয় চারে ৫৮ রানে অপরাজিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ২৪ রানের জুটি গড়া মুশফিকুর রহিম ৩১ বলে তিন চারে ব‍্যাট করছেন ১৬ রানে।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় সোমবার শুরুটা করেন দেখেশুনে।  কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্ত হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা।

এদিকে ইনিংসের ১১তম ওভারে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম।  হাসান আলির বলে ১০ রানে স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। ফলে ২৩ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।

দুই ওপেনার সাজঘরে ফিরলেও বাংলাদেশকে বিপদে পড়তে দেননি নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি দেন তারা। লাঞ্চ বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। প্রথম সেশনে তারা তুলেছিল ২ উইকেটে ৮৬ রান।

বাংলাদেশ-পাকিস্তান যখন লাঞ্চে যায়, তখনো আকাশ খানিকটা মেঘলা। কিন্তু দুই দল যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে ড্রেসিংরুমেই থাকতে হয়েছে। তারপর প্রায় ঘণ্টা দুয়েক বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে খেলাই হয়নি।

বৃষ্টির পর দেখে-শুনে খেলে ফিফটি স্পর্শ করেন মুমিনুল হক। ১০৫ বল খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৬ রান করে এই ব্যাটার ফেরায় ভেঙেছে ১০৫ রানের তৃতীয় উইকেট জুটি।

মুমিনুল ফিফটির পর ফিরলেও দারুণ ব্যাটিং করেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে ফিফটি করে অপরাজিত আছেন। দিন শেষে শান্তর সঙ্গী মুশফিকুর রহিম। সব মিলিয়ে মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে বেশ নিরাপদেই আছে টিম টাইগার্স।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪১৩ ও ৫০.৩ ওভারে ১৫২/৩ (নাজমুল ৫৮*, মুমিনুল ৫৬; হাসান ১/২৩, আব্বাস ১/৩৫)

পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers