সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা

ইরানের বিশ্বকাপ দলকে বিদায়ী সংবর্ধনা দিল হাজারো ভক্ত

ক্রীড়া ডেস্ক মে ১৪, ২০২৬, ১৯:৪২:৩০

173
  • ইরানের বিশ্বকাপ দলকে বিদায়ী সংবর্ধনা দিল হাজারো ভক্ত

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। তবে নানা শঙ্কা থাকা সত্ত্বেও, এক বর্ণিল ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে ইরান জাতীয় ফুটবল দলকে বিদায় জানালো দেশটির হাজারো সমর্থক। বুধবার রাতে তেহরানের এঙ্গহেলাব স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

বুধবার রাতের অনুষ্ঠানে মঞ্চ থেকে খেলোয়াড়রা যখন দেশাত্মবোধক বক্তব্য দিচ্ছিলেন, তখন উপস্থিত জনতা তাঁদের উল্লাসে ভাসিয়ে দেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ বিশ্বকাপের জন্য ইরানের অফিসিয়াল জার্সি উন্মোচন। জার্সিতে বরাবরের মতোই স্থান পেয়েছে ইরানের ঐতিহ্যবাহী প্রতীক 'এশীয় চিতা'। পাশাপাশি জনপ্রিয় শিল্পী পারভাজ হোমায় ইরানের অফিশিয়াল বিশ্বকাপ থিম সং পরিবেশন করেন, যার সাথে কণ্ঠ মেলান উপস্থিত হাজারো ফুটবল অনুরাগী।

ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহেদি তাজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেন, ‘গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই ছিল ফুটবলারদের জন্য সবচেয়ে বড় এবং সেরা বিদায় সংবর্ধনা।’

উৎফুল্ল জনতার উদ্দেশে এফএফআইআরআই সভাপতি বলেন, ‘খেলোয়াড়েরা জনগণের সঙ্গেই আছে। আর সাধারণ মানুষ দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পক্ষে ঐক্যবদ্ধ। ফলাফল যা-ই হোক না কেন, সেখানে যেন ইরানের পতাকা সমুন্নত থাকে এবং সম্মান রক্ষা করা হয়।’

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিমান হামলা চালিয়ে আঞ্চলিক যুদ্ধ শুরু করার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দুই সপ্তাহ আগে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে সহ-আয়োজক দেশ কানাডায় প্রবেশের অনুমতি পাননি মেহেদি তাজ। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস-এর সাথে তাঁর সম্পৃক্ততার অভিযোগে তাঁকে প্রবেশাধিকার দেয়া হয়নি। এর ফলে ইরানের প্রতিনিধি দলের অনেক সদস্যের যুক্তরাষ্ট্রে প্রবেশ করা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের সেখানে নিয়ে যাওয়ার পুরো দায়দায়িত্ব এখন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপরই ছেড়ে দিয়েছে ইরান।

প্রস্তুতির অংশ হিসেবে ২৯ মে তুরস্কের আনাতোলিয়ায় গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। মোমবেয়িনি জানান, তুরস্কে অবস্থানকালে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।

ইরান সরকার তাদের খেলোয়াড় এবং কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার পুরো দায়িত্ব আয়োজক সংস্থা ফিফার ওপর ন্যস্ত করেছে। উল্লেখ্য, ‘টিম মেল্লি’র (ইরান দল) বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers