বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

ইতিহাস গড়েই লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন সালাহ

ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২৬, ১১:৩১:০৭

157
  • সংগৃহীত

ব্রেন্টফোর্ডর বিপক্ষে রবিবার রাতে লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেই চমক দেখান মোহাম্মদ সালাহ। সতীর্থকে দিয়ে করান গোল। এরফলে অল রেডদের জার্সিতে  ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন তার দখলে। ৯৩ অ্যাসিস্ট করে ছাড়িয়ে গেছেন ক্লাব কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে।

প্রিমিয়ার লিগের শেষ দিনে রোববার ব্রেন্টফোর্ডর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচ দিয়েই শেষ হলো সালাহর ৯ বছরের লিভারপুল অধ্যায়। যদিও বিদায়ী ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেননি তিনি, তবে এক পয়েন্ট পেয়েই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে লিভারপুল।

অ্যানফিল্ডে আবেগঘন পরিবেশে মাঠ ছাড়েন সালাহ। ম্যাচের ৭৪তম মিনিটে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলে পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি। সতীর্থরা একে একে জড়িয়ে ধরেন এই ফরোয়ার্ডকে। এরপর সিজদাহ দিয়ে লিভারপুলের জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়েন সালাহ।

ম্যাচের ১৯তম মিনিটে সালাহর নেওয়া ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে কার্টিস জোন্সর গোলে এগিয়ে যায় লিভারপুল। সেই গোলে অবদান রেখে স্টিভেন জেরার্ডকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েন সালাহ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্বাগতিকরা। পাঁচ মিনিট পরই সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। এরপরই দর্শকদের করতালির মধ্যে মাঠ ছাড়েন সালাহ।

গত বছর লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি করেছিলেন সালাহ। তবে চলতি বছরের মার্চের শেষ দিকে তিনি জানিয়ে দেন, এই মৌসুম শেষেই শেষ হবে তার অ্যানফিল্ড অধ্যায়।

২০১৭ সালে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে দলে ভেড়ায় লিভারপুল। ক্লাবটির প্রথম মিশরীয় ফুটবলার হিসেবে দ্রুতই নিজেকে অপরিহার্য করে তোলেন তিনি। সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপর আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা ছিলেন সালাহ। ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ একের পর এক শিরোপা জিতেছে লিভারপুল, যেখানে বড় অবদান ছিল এই ফরোয়ার্ডের।

বর্তমান কোচ আর্না স্লটর প্রথম মৌসুমেও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালাহ। লিগে সর্বোচ্চ ২৯ গোল করে শিরোপা পুনরুদ্ধারে বড় অবদান রাখেন তিনি।

লিভারপুলের হয়ে শেষ মৌসুমে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে সাত গোল ও সাত অ্যাসিস্ট করেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে ১০ অ্যাসিস্ট। লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থান নিয়েই বিদায় নিলেন মোহাম্মদ সালাহ। ক্লাবটির হয়ে ৪৪২ ম্যাচে তার গোল ২৫৭টি, সঙ্গে রয়েছে ১২৩টি অ্যাসিস্ট। ব্যক্তিগত অর্জনের তালিকাও সমৃদ্ধ করেছেন অসংখ্য পুরস্কারে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers