বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

মালদ্বীপের চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক মে ৩০, ২০২৬, ১৪:০৬:৩০

431
  • সংগৃহীত

মালদ্বীপ ফুটবলের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট’-এর জন্য ২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ (অলিম্পিক) দলের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ১ থেকে ১০ জুন মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চার জাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। একই সময়ে বাংলাদেশের জাতীয় দল ইউরোপ সফরে সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ায় মালদ্বীপে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশের অভিজ্ঞ কোচ এ কে এম মারুফুল হক। সহকারী কোচ হিসেবে থাকছেন শাহেদুল আলম শাহেদ ও জাহাঙ্গীর আলম। গোলকিপিং কোচের দায়িত্বে রয়েছেন নাজমুল করিম মজুমদার।

স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হবে এই লিগভিত্তিক টুর্নামেন্ট। রাউন্ড রবিন পদ্ধতিতে সব দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল আগামী ১০ জুন ফাইনালে খেলবে।

বাংলাদেশ তাদের টুর্নামেন্ট অভিযান শুরু করবে ১ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচটি। এরপর ৪ জুন আফগানিস্তান এবং ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মালদ্বীপ অতীতেও জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। ২০০০ সালে দেশটির ফুটবলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি ইনভিটেশনাল টুর্নামেন্ট’-এ অংশ নিয়েছিল বাংলাদেশ। সে সময় মার্ক হ্যারিসনের অধীনে বাংলাদেশ ভারত ও মালদ্বীপের সঙ্গে ড্র করলেও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয়।

এবারের ডায়মন্ড জুবিলি টুর্নামেন্টে শুরুতে শ্রীলঙ্কার অংশগ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে তারা নাম প্রত্যাহার করে নেয়। পরে তাদের পরিবর্তে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়।

যুবাদের এই আন্তর্জাতিক আসরকে ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় গড়ে তোলার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে বাফুফে। শিরোপার লক্ষ্য নিয়েই মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers