বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

পিএসজির ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জেতার রহস্য ফাঁস

ক্রীড়া ডেস্ক মে ৩১, ২০২৬, ১৪:৩৪:৫১

137
  • সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ইউরোপের মঞ্চে তারকাবহুল দল গড়েছিল পিএসজি। কিন্তু সংকটময় মুহূর্তে ভেঙে পড়ার অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। তবে লুইস এনরিকে সেই চিত্র বদলে দিয়েছেন। তার অধীনে পিএসজি এখন গড়ে উঠেছে গতি, শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও সমষ্টিগত বিশ্বাসের ভিত্তিতে। আক্রমণে ঝলক থাকলেও দলের মূল শক্তি হয়ে উঠেছে কাঠামো ও দায়বদ্ধতা। যে কৌশলে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) টানা দুইবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে।

২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর লুইস এনরিকে কোনো তারকাখচিত প্রদর্শনীর প্রতিশ্রুতি দেননি। তার লক্ষ্য ছিল সংস্কৃতি বদলানো। এমন একটি দল গড়া, যেখানে ব্যক্তিগত মর্যাদার চেয়ে গুরুত্বপূর্ণ হবে সমষ্টিগত ত্যাগ; যেখানে বড় তারকারাও দলের জন্য রক্ষণে নামবেন, প্রেসিং করবেন, কষ্ট সহ্য করবেন।

দুই মৌসুম পর সেই দর্শনেরই ফল মিলেছে। শনিবার রাতে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়ের পর কোচকে বড় কৃতিত্ব দিলেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি, ‘টানা দুইবার শিরোপা জেতা সহজ নয়, কিন্তু আমরা পেরেছি। কোচই এই ক্লাবের সবচেয়ে বড় কণ্ঠ। আমরা তাকে অনুসরণ করি, তার ওপর বিশ্বাস রাখি। প্রথম দিন থেকেই তিনি বলেছেন, দলের গুরুত্ব সব সময় খেলোয়াড়ের চেয়ে বেশি। আমরা শুধু একটি দল নয়, একটি পরিবার গড়ে তুলেছি।’

এদিকে নিজের উত্তরাধিকার বা ব্যক্তিগত স্বীকৃতি নিয়ে অবশ্য খুব একটা ভাবেন না এনরিকে, ‘কিংবদন্তি? এসব নিয়ে আমার কোনো আগ্রহ নেই।’

তবে খেলোয়াড়দের চোখে এই সাফল্যের প্রধান কারিগর তিনিই। মিডফিল্ডার ভিতিনিয়া বলেছেন, দীর্ঘ মৌসুমজুড়ে চোট, শারীরিক ক্লান্তি ও একের পর এক ম্যাচের চাপ সামলাতে হয়েছে দলকে।

ক্লাব বিশ্বকাপের ফাইনালের পর সংক্ষিপ্ত বিরতি ও কম প্রস্তুতি নিয়েই নতুন মৌসুম শুরু করেছিল পিএসজি। ভিতিনিয়ার ভাষায়, ‘মৌসুমজুড়ে অনেক উত্থান-পতন ছিল। আমরা জানতাম, পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতি না থাকায় চোট ও শারীরিক সমস্যার মুখে পড়তে হবে। কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘অনেক ম্যাচ আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই খেলেছি। তবু উন্নতি করেছি, জিতেছি। শুধু যারা নিয়মিত খেলেছে তা নয়, কম সময় পাওয়া ফুটবলারদের অবদানও অসাধারণ। এই সাফল্যে তাদের প্রাপ্য স্বীকৃতি পাওয়া উচিত।’

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers