বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা

বিশ্বকাপের আগে পানামাকে উড়িয়ে ব্রাজিলের হুঙ্কার

ক্রীড়া ডেস্ক জুন ১, ২০২৬, ১৯:০০:৪৭

138
  • বিশ্বকাপের আগে পানামাকে উড়িয়ে ব্রাজিলের হুঙ্কার

কয়েকদিন পরেই বিশ্বকাপ ফুটবল। তার আগে নিজেদের সর্বশেষ প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। ব্যতিক্রম নয় ব্রাজিলও। এজন্য রোববার রাতে প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হয়েছিল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কানায় কানায় পূর্ণ ঐতিহ‍্যবাহী মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সেলেসাওরা। শেষ পর্যন্ত হুঙ্কার ছড়িয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দেয়।

রিও দে জেনিরোতে একপেশে ম‍্যাচে ৬-২ গোলে জিতেছে ব্রাজিল। স্বাগতিকদের হয়ে গোল করেন ভিনিসিউস জুনিয়র, কাসেমিরো, লুকাস পাকেতা, হায়ান, ইগো চিয়াগো ও দানিলো সান্তোস। পানামার প্রথম গোলটি মাথেউস কুইয়ার আত্মঘাতী। দ্বিতীয়টি করেছেন কার্লোস হার্ভে।

রোববার বিরতির পর গোলরক্ষক ওয়েভেরতন ছাড়া বেঞ্চে থাকা বাকি ১০ খেলোয়াড়ের সবাইকে বিরতির পর নামিয়ে দিলেন কার্লো আনচেলত্তি! এরপর যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল ব্রাজিল। ১০ মিনিটের মধ‍্যে তিনবার বল পাঠাল পানামার জালে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিজেদের শেষ ম‍্যাচে আশা জাগানিয়া জয় পেল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

ব্রাজিল ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ৩৫ গজ দূর থেকে গতিময় শটে জাল খুঁজে নেন ভিনিসিউস। এদিকে ম্যাচের চতুর্দশ মিনিটে সৌভাগ‍্যের ছোঁয়া থাকা গোলে সমতা ফেরায় পানামা। আমির মুরিয়োর ফ্রি কিক ঠেকাতে ঠিক দিকেই যাচ্ছিলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। মাঝপথে লাফিয়ে ওঠা কুইয়ার মাথায় লেগে দিক পাল্টে বল জড়ায় জালে! মরিয়া চেষ্টায়ও আর বলের নাগাল পাননি আলিসন।

২৪তম মিনিটে ভিনিসিউসের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে শট লক্ষ‍্যে রাখতে পারেননি রাফিনিয়া। আট মিনিট পর ইসমায়েল দিয়াসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন ব্রাজিল গোলরক্ষক। ৩৯তম মিনিটে ফের ব্রাজিলকে এগিয়ে নেন কাসেমিরো। ভিনিসিউসের চমৎকার ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন অভিজ্ঞ মিডফিল্ডার। চার মিনিট পর বিপজ্জনক জায়গা থেকে রাফিনিয়ার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। পরের মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন বার্সেলোনা ফরোয়ার্ড।

বিরতির পর ডিফেন্ডার লিও পেরেইরা ছাড়া বাকি ১০ জনকেই বদলে ফেলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চ‍্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা মার্কিনিয়োস, গাব্রিয়েলরা ছিলেন না এই ম‍্যাচের দলে। তারা থাকলে হয়তো ১১ পরিবর্তন আনতেন তিনি। ৫২তম মিনিটে শট লক্ষ‍্যে রাখতে পারেননি এন্দ্রিক। পরের মিনিটে ব‍্যবধান বাড়ায় ব্রাজিল। ইগো চিয়াগোর কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন হায়ান।

৬৩তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন চিয়াগো। তাকেই পানামা গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। এদিকে ম্যাচের ৮১তম মিনিটে স্কোর লাইন ৬-১ করেন দানিলো সান্তোস। পাকেতার ক্রসে বল নিয়ন্ত্রণে নিয়ে, সঙ্গে থাকা ডিফেন্ডারের চ‍্যালেঞ্জ এড়িয়ে জাল খুঁজে নেন তিনি। ৮৪তম মিনিটে ডি বক্সের বাইরে আলগা বল পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন কার্লোস হার্ভে। এরপর দুই দলই আরও গোল করার সুযোগ পেয়েছিল। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি।

আগামী ৭ জুন প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে আসল মিশন। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers