বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

খেলা

শুরুর আগেই বিশ্বকাপ শেষ বালের্দির, আর্জেন্টিনার শঙ্কায় আরও তিনজন

ক্রীড়া ডেস্ক জুন ৭, ২০২৬, ১৮:৫০:১৩

174
  • শুরুর আগেই বিশ্বকাপ শেষ বালের্দির, আর্জেন্টিনার শঙ্কায় আরও তিনজন

ফিফা ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা উঠবে আগামী ১১ জুন। তবে এ টুর্নামেন্টে আর্জেন্টিনার পথচলা শুরু হবে আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগেই ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড থেকে কাটা পড়লেন লেওনার্দো বালের্দি। শনিবারই চোটের কারণে তাঁর বাদ পড়ার খবর নিশ্চিত করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সাধারণত বিশ্বকাপের সময় ঘনিয়ে এলে বিকল্প খেলোয়াড় নিতে দেরি করেন না কোচেরা। কিন্তু বালের্দির বদলি নিতে সময়ই নিচ্ছেন লিওনেল স্কালোনি।

বালের্দির ছিটকে পড়লেও আর্জেন্টিনা চিন্তামুক্ত হতে পারছে না। কেননা বিশ্বকাপ দল থেকে দলটির বাদ পড়তে পারেন আরও কয়েকজন খেলোয়াড়। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, অন্তত তিনজন খেলোয়াড় চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন।

বিশ্বকাপ লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা আজ হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। জেতে ২-০ ব্যবধানে। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচের কাছে বালের্দির পরিবর্তে কাউকে নেয়া হয়েছে কি না জিজ্ঞাসা করেন এক সাংবাদিক। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নয়। আর সিদ্ধান্তটা হয়তো শুধু একজন সেন্টার-ব্যাককে ঘিরেই হবে না। আমাদের সামনে আরও একটি ম্যাচ আছে, এরপর আমরা সিদ্ধান্তে পৌঁছাব। একজন খেলোয়াড়ের পরিস্থিতি আমাদের আরও কয়েকজনের অবস্থা মূল্যায়ন করতে বাধ্য করছে। অন্যদের শারীরিক অবস্থা না দেখে আগামী মঙ্গলবারের আগে আমরা কোনো সিদ্ধান্ত নেব না।’

এই মুহূর্তে চোট নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রা পারেদেসকে নিয়ে। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে যে ছয় খেলোয়াড় বেঞ্চেও ছিলেন না, তাদের মধ্যে তিনজন তারাই। মন্তিয়েল ও মলিনা পেশির সমস্যায় ভুগছেন। একই পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ কারণেই প্রীতি ম্যাচগুলোর জন্য স্কালোনি আগুস্তিন গিয়াই ও নিকোলাস কাপালদোকে দলে ডেকেছেন। গিয়াই আজকের ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

অন্যদিকে বোকা জুনিয়র্সের মিডফিল্ডার পারেদেস সর্বশেষ ম্যাচে সামান্য পেশি ছিঁড়ে যাওয়ার চোটে পড়েছিলেন। তার সেরে ওঠার গতি ধীর। তিনি এখনো স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি।

বাকি যে তিনজন বেঞ্চে ছিলেন না, তাদের মধ্যে আছেন হুলিয়ান আলভারেজ। তার গোড়ালিতে প্রদাহ আছে, তবে তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় নেই। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের আঙুলের চোট সেরে গেছে। আলজেরিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচেই গোলপোস্টের নিচে দাঁড়ানোর কথা তার।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers