বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

খেলা

‘বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং হবে’

ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৬, ১৮:৫৪:০৯

142
  • ‘বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং হবে’

গত এক দশক ধরে বাংলাদেশ দল সবচেয়ে ভাল ছন্দে রয়েছে ওয়ানডেতে। বিশেষ করে ঘরের মাঠে এ ফরম্যাটে দলটি দুর্দান্ত। সবকিছু চিন্তা করেই অস্ট্রেলিয়া অধিনায়ক জস ইংলিস সোমবার সংবাদ সম্মেলনে তাই অকপটে বলেই দিলেন- এবারে বাংলাদেশ সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।

১৫ বছর আগে সবশেষ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার সবকটিতেই জিতেছিল অজিরা। তবে সময় বদলেছে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলেরও অনেক পরিবর্তন হয়েছে। বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটারের অর্বিভাব ঘটেছে দলে। যে কারণে এবারের বাংলাদেশ দলকে হালকাভাবে নিচ্ছে না সফরকারীরা। এ ব্যাপারে ইংলিশ বলেন,   ‘আসলে বাংলাদেশের সাথে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তাদের দলে অনেক অলরাউন্ডার। হোম কন্ডিশনে তারা অবশ্যই অনেক ভালো দল। আগে অনেক দল (এখানে এসে চাপে পড়েছে)। তবে আমরা মানসিকভাবে নিজেদের ওপর বিশ্বাস রাখছি। আশা করি বেশ ভালো একটি সিরিজ হবে।’

ইংলিস আরও বলেন, ‘এই সিরিজ খুবই এক্সাইটিং হতে যাচ্ছে। আগেই বললাম, অস্ট্রেলিয়া বা বাংলাদেশ সাধারণত একে অপরের সাথে খুব বেশি মুখোমুখি হয় না। আমাদের ছেলেরা অনেক এক্সাইটেড। এই কন্ডিশনে মাঠে নেমে খেলতে সবাই মুখিয়ে আছে।’

প্যাট কামিন্স, মিচেল স্টার্করা আগেই ছিলেন না, সিরিজ শুরুর আগের দিন মিচেল মার্শ ও ট্রাভিস হেডের না থাকার খবর নিশ্চিত হয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শীর্ষ সারির তারকাদের অনুপস্থিতিতে কিছুটা বিপাকে থাকার কথা অস্ট্রেলিয়ার। তবে ইংলিস এটাকে দেখছেন সুযোগ হিসেবে,  ‘মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের মতো ক্রিকেটার দলে না থাকলে স্বাভাবিকভাবেই ক্ষতি হয়। তারা দুজনেই অবিশ্বাস্য রকমের ভালো খেলোয়াড়। তারা এখানে নেই—সেটি দুর্ভাগ্যজনক। তবে ঠিক এর আগেই পাকিস্তানের সঙ্গে আমরা যে সিরিজটি খেলেছি, সেটির মতোই আমি মনে করি এই কন্ডিশনে কিছু তরুণ ক্রিকেটারের অভিজ্ঞতা হওয়াটা ভীষণ জরুরি। সামনে বিশ্বকাপও আছে। তাই তার আগে ভিন্ন কম্বিনেশন এবং নতুন কিছু ক্রিকেটারকে দেখে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া, এটিকে স্মরণীয় মনে করছেন ইংলিস, ‘এটি আসলেই দারুণ রোমাঞ্চকর। আমরা বাংলাদেশের সঙ্গে খুব বেশি খেলি না, বিশেষ করে এখানে এসে তো আরও নয়। এটি এখানে আমার প্রথম সফর এবং আমি জানি দলের আরও অনেকেরই এটি প্রথম। তাই এই সিরিজটি নিয়ে আমরা ভীষণ উত্তেজিত। আমরা এখনো একাদশ চূড়ান্ত করিনি। আজকে উইকেট দেখব, এরপর আগামীকাল আপনারা সেটি দেখতে পাবেন।’

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers