শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

রাতে পর্দা উঠছে ২৩তম ফুটবল বিশ্বকাপের

ক্রীড়া ডেস্ক জুন ১১, ২০২৬, ১১:১০:৪৪

428
  • সংগৃহীত

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। দলও বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ- ৪৮ দল! সবার অংশগ্রহনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে পর্দা উঠছে ২৩তম ফুটবল বিশ্বকাপের। 

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। দেশটির রাজধানী মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ এর খেলায় মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দলই। ওই বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।

আয়োজক দেশগুলো যার যার দেশে আয়োজন করতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে, কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানটি হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়)। কানাডার আয়োজন বাংলাদেশ সময় আগামীকাল রাতে। আর শনিবার ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান।

এছাড়া বিশ্বে অন্য জায়গায় ফুটবল জ্বর দেরিতে হলেও উঠতে শুরু করেছে। এবার সব কিছুকে একপাশে রেখে বিশ্বকাপ উপভোগ করার পালা। লিওনেল মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ অধ্যায় দেখার অপেক্ষা। এবারের বিশ্বকাপে অনেক নতুন নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে।

প্রথমবার তিনটি দেশে আয়োজন হচ্ছে, দলও বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ- ৪৮ দল! গ্রুপ থেকে দুই দলই শুধু নয়, নকআউট পর্বে যাওয়ার সুযোগ পাবে সেরা আটটি তৃতীয় দল। কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান ও উজবেকিস্তানের মতো দলগুলোও সুযোগ পেয়েছে। তারা ছোট দল হলেও কাউকে ছেড়ে কথা বলবে না, সেটি নিশ্চিত করে বলা যায়।

আসন্ন বিশ্বকাপে ১২টি গ্রুপে চারটি করে দল খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা ৮টি তৃতীয় স্থানধারী দল শেষ ৩২-এ উঠবে। অথচ আগের আসরগুলোতে মূল পর্ব শুরুই হয়েছিল ৩২ দল নিয়ে। এই পর্বে প্রতিটি দল নিজের গ্রুপের বাকি ৩টি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, গ্রুপ পর্বে প্রতিটি দল নিশ্চিতভাবে ৩টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ ২টি দল (চ্যাম্পিয়ন ও রানার্সআপ) সরাসরি চলে যাবে শেষ ৩২-এ। ১২টি গ্রুপের মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও অন্যান্য টাইব্রেকার নিয়মের ভিত্তিতে সেরা ৮টি তৃতীয় স্থানধারী দল তাদের সঙ্গী হবে। শেষ ম্যাচ পর্যন্ত গ্রুপ পর্বের প্রতিটি গোল গুরুত্বপূর্ণ হবে, কারণ ৩ নম্বর পজিশনে থেকেও সেরা ৮ দলের তালিকায় ঢুকে নকআউটে যাওয়ার সুযোগ থাকবে। বাকি ১৬টি দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। রাউন্ড অব ৩২ থেকে আসল রোমাঞ্চ অর্থাৎ ‘ডু অর ডাই’ নকআউট পর্ব শুরু হবে। এই পর্বে কোনও ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে পেনাল্টি শুট-আউটের মাধ্যমে জয়ী নির্ধারণ করা হবে।

শেষ ৩২-এ মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জয়ী ১৬টি দল পরের রাউন্ডে যাবে এবং পরাজিত ১৬টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। প্রি-কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ ১৬টি দল নিয়ে এই পর্বের খেলা হবে। এখানে ম্যাচ হবে ৮টি। জয়ী ৮টি দল কোয়ার্টার ফাইনালে পা রাখবে। বিশ্বের সেরা ৮টি দল নিয়ে এই পর্বের লড়াই। এখানে ম্যাচ হবে ৪টি। জয়ী ৪টি দল সেমিফাইনালের টিকিট কাটবে। শেষ চারের এই লড়াইয়ে ম্যাচ হবে দুটি। বিজয়ী দুটি দল চলে যাবে স্বপ্নের ফাইনালে। আর পরাজিত দুটি দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

নতুন ফরম্যাটে ম্যাচের সংখ্যা বেড়েছে। আগের ফরম্যাটে যেখানে মোট ৬৪টি ম্যাচ হতো, এই নতুন ফরম্যাটে মোট ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টি। আগে একটি দলকে চ্যাম্পিয়ন হতে হলে মোট ৭টি ম্যাচ খেলতে হতো। নতুন ফরম্যাটে ট্রফি জিততে হলে বা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে হলে একটি দলকে মোট ৮টি ম্যাচ খেলতে হবে।

এদিকে এবারের বিশ্বকাপে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির নিয়ম-কানুনেও এসেছে নতুন সংযোজন। ভুল করে দেওয়ার কর্নার কিকের রিভিউ করা হবে। তবে খেলা শুরু করতে দেরি হওয়ার সম্ভাবনা থাকলে এমনটা করার সুযোগ নেই। প্রথমবারের মতো ফ্রি-কিক বা কর্নার নেওয়ার আগে আবারও বক্সে ফাউল হলে সেটির প্রভাবে গোল বা পেনাল্টি হলে সুযোগ থাকবে ভিএআর সেটি যাচাই করার।

দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের বিষয়টিও যাচাই করার সুযোগ থাকছে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির। বিশেষ করে ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে। কোনো খেলোয়াড় যদি মুখ, বাহু বা জার্সি দিয়ে মুখ আড়াল করে কথা বলে তখন রেফারিরা সেটি গুরুত্ব দিয়ে দেখবেন। উত্তেজনাপূর্ণ কথাবার্তা হলে লাল কার্ডও দেখানো হতে পারে। তবে স্বাভাবিক কথাবার্তায় কোনো বিধিনিষেধ নেই।

তবে বিশ্বকাপের মতো বড় আয়োজনে বিতর্ক থাকবে না, এমনটা হওয়ার নয়। বিতর্ককে সঙ্গী করেইে শুরু হতে যাচ্ছে তিন দেশে হতে যাওয়া বিশ্বকাপ। বিশেষত টিকিটের দাম নিয়ে অসন্তোষ রয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফুটবল ভক্তদের মাঝে। এছাড়া ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও ছিল শঙ্কা। শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে অংশ নিলেও বেস ক্যাম্প করেছে মেক্সিকোয়। এখনও আমেরিকার ভিসা পায়নি তাদের স্কোয়াডের কয়েকজন সদস্য।

সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানও ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। নিরাপত্তা তল্লাসীর নামে হেনস্তা করা হয়েছে ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকে। ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি করলেও অনেক দেশের দর্শকদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। যার ফলে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে সবচেয়ে বিতর্কিত এক বিশ্বকাপ।

সবকিছু ছাপিয়ে আজ রাত থেকে ফুটবলপ্রেমীরা মেতে উঠবেন এক দারুণ উন্মাদনায়। প্রতিটি দলের সমর্থকদের চাওয়া বিশ্বকাপ শিরোপা। যদিও সোনালী এ ট্রফিটা শেষ পর্যন্ত জিতবে একটি দলই।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers