শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

শুরুর অপেক্ষায় ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, আগে যা জানা দরকার

ক্রীড়া ডেস্ক জুন ১১, ২০২৬, ১৫:০২:০২

141
  • শুরুর অপেক্ষায় ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, আগে যা জানা দরকার

আর কয়েক ঘন্টা পরেই ফুটবল প্রেমিদের অপেক্ষার প্রহর শেষ হবে।  মাঠে গড়াবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। 

প্রথমবারের মতো এবারেই ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। একই সঙ্গে প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজক। মর্যাদাপূর্ণ ৩৯ দিনের এই মহাযজ্ঞের পর্দা নামবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরুর আগে বেশকিছু পরিবর্তন এসেছে নিয়ম-নীতিতে। যা ফুটবলপ্রেমিদের জানা দরকার।

* ১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এত বড় আসর আগে কখনও দেখা যায়নি। দীর্ঘদিন ৩২ দলের ফরম্যাটে চলার পর এবার দল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮-এ।  ১২টি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। তাদের সঙ্গে যোগ দেবে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। ফলে এবার প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ দিয়ে শুরু হবে শিরোপার লড়াই। দল সংখ্যা বৃদ্ধির ফলে ম্যাচের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কাতার বিশ্বকাপে যেখানে ম্যাচ হয়েছিল ৬৪টি, সেখানে এবার মাঠে গড়াবে মোট ১০৪টি ম্যাচ।

***উত্তর আমেরিকার তিন দেশে বিশ্বকাপ। তাই এ টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে বিশাল আয়োজন। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট ১৬টি শহরে। সবচেয়ে বেশি ১১টি ভেন্যু রয়েছে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক-নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, ডালাস, হিউস্টন, আটলান্টা, সিয়াটল, ফিলাডেলফিয়া, ক্যানসাস সিটি, সান ফ্রান্সিসকো বে এরিয়া এবং বোস্টন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠবে। এদিকে মেক্সিকো আয়োজন করবে রাজধানী মেক্সিকো সিটির পাশাপাশি গুয়াদালাহারা ও মনতেরেতে ম্যাচ। অন্যদিকে, কানাডার টরেন্টো এবং ভ্যানকুভারও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে থাকছে আলোচনায়।

***এবারের বিশ্বমঞ্চে অভিষেক হচ্ছে নতুন চারটি দেশের। নবাগত এই দেশগুলো হলো— কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। এদের যুক্ত হওয়ার ফলে বিশ্বকাপে অংশ নেওয়া মোট দেশের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪টি।

***আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন। মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে ২০০৬ ও ২০১০ সালের আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

***ক্লাব ফুটবলের দলগুলোর মধ্যে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটির (১৯ জন)। এরপরই আছে বায়ার্ন মিউনিখ (১৮), পিএসজি (১৬), আর্সেনাল (১৬) ও বার্সেলোনা (১৫)।

***বিশ্বকাপের আগে বাজির বাজার এবং বিশ্লেষকদের আলোচনায় সবচেয়ে এগিয়ে ফ্রান্স, স্পেন ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে কাতারে শিরোপা জেতা দলটি এবারও অন্যতম ফেবারিট। তাদের পাশাপাশি গতবারের রানার্স আপ ফ্রান্সও আছে ফেবারিটদের তালিকায়। আর ইউরো চ্যাম্পিয়ন স্পেনও রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার কাতারে। তাদের সঙ্গে শক্তিশালী দাবিদার হিসেবে রয়েছে ব্রাজিল, পর্তুগাল এবং জার্মানি।

***ফিফা এবার বিশ্বকাপের জন্য রেকর্ড ৭২৭ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার এবং প্রতিটি দল অংশ নেওয়ার জন্যই ন্যূনতম ১০.৫ মিলিয়ন ডলার করে পাবে। আর গত বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪০ মিলিয়ন ডলার। সেবার চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers