শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

এক ম্যাচ আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক জুন ১১, ২০২৬, ২০:৩৯:৫৫

391
  • এক ম্যাচ আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

প্রথম ম‍্যাচের দারুণ পারফরম‍্যান্স অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা উজ্জল করেছিল বাংলাদেশ। বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই হবে। তবে শেষ ম্যাচের জন্য আর অপেক্ষায় করল না টিম টাইগার্স। ব্যাট-বলে দাপট দেখিয়ে বৃহস্পতিবার ২য় ম্যাচ জিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ল মেহেদী হাসান মিরাজের দল। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টি আইনে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। এদিন টস হেরে আগে বল হাতে নিয়ে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে অস্ট্রেলিয়াকে আটকে রাখে বাংলাদেশ। এরপরই শুরু হয় বৃষ্টি। অনেকটা সময় অপেক্ষার পর বৃষ্টি থামলে অস্ট্রেলিয়াকে আর ব্যাটিংয়ে নামতে দেয়নি ম্যাচ অফিসিয়ালরা। তখন বাংলাদেশকে জিততে তারা লক্ষ্য দেয় ৪১ ওভারে ১৯২ রানের। সে লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৩৫ ওভার খেলে ৫ উইকেট হাতে রেখে। স্বাগতিকদের সর্বোচ্চ ৪২ রান করেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তাওহিদ হৃদয় ৪০ রানে অপরাজিত থাকেন । অন্যদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২২ রানে অপরাজিত থাকেন। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ লাল-সবুজ প্রতিনিধিরা নিজেদের করে নিল এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে। প্রথম ওয়ানডেতে ৮৬ রানে জিতেছিল বাংলাদেশ।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই এ ওপেনার বোলার বার্টলেটের হাতেই ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন। এরপর ব্যাট করতে নেমেই বিপদে পড়তে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে রিভিউ নিয়ে বাঁচেন তিনি।

শুরুতে নাজমুল হোসেনও খেলতে পারছিলেন না স্বাচ্ছন্দ্যে। তবে সময়ের সঙ্গে ঘুরে দাঁড়ান তিনি। সৌম্য সরকারের সঙ্গে গড়ে তোলেন ৫০ রানের জুটি। যা বাংলাদেশকে পথ দেখায়।

দলে জায়গা পেয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে ভালোই খেলছিলেন সৌম্য। বলের সঙ্গে পাল্লা দিয়ে রানও তুলছিলেন। তবে পঞ্চাশের আগেই আউট হন তিনি। অফ স্পিনার ম‍্যাট রেনশোর বলে রিভার্স সুইপ করেন সৌম‍্য। টাইমিং করতে পারেননি, সহজ ক‍্যাচ যায় স্লিপে। অনায়াসে বাকিটা সারেন জেভিয়ার বার্টলেট। ভাঙে শান্তর সঙ্গে ৯৩ বলে স্থায়ী ৮৬ রানের জুটি। ৪৭ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪২ রান করেন সৌম‍্য।

সৌম্য ফেরার পর বেশ তাড়াহুড়া করছিলেন শান্ত। দ্রুতই তার খেশারত দেন তিনি। রাইলি মেরেডিথের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারেন শান্ত। বুঝতে পারেননি আম্পায়ার, কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি তিনি।

দ্রুতই রিভিউ নেন ইংলিস। তাতে পাল্টায় সিদ্ধান্ত। ৫৩ বলে পাঁচ চারে ৪২ রান করেন শান্ত।

 

বৃহস্পতিবার দলের প্রয়োজনীয় সময়ে ব্যাট করতে নেমে বেশ ছন্দেই খেলছিলেন লিটন কুমার দাস। তবে এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮ বলে ২১ রান করা লিটন গ্রিনের শর্ট বল সামলাতে না পেরে ক্যাচ তুলে দেন উইকেটকিপার জশ ইংলিসের হাতে। বাংলাদেশের রান তখন ২৩.২ ওভারে ১২২/৪। ঠিক সে সময় দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আগের ম্যাচের নায়ক মোসাদ্দেক হোসেন।  অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি ফেরেন ১৫ রান করে। সে সময় জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৮২ বলে ৪৮ রান।

মোসাদ্দেক ফেরার পর জয়ের জন্য বাকি কাজ সারেন তাওহিদ হৃদয় আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজনীয় সময়ে কোন ঝুঁকি নেননি তারা। মারার বল পেয়েও মারেননি। উল্টো সিঙ্গেল নিয়ে রানের চাকা ঘোরান। শেষ পর্যন্ত এ কৌশলেই ৩৬ বল হাতে রেখে মেহেদী হাসান মিরাজের ছক্কায় ৫ উইকেটে জয় নিশ্চিত করে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে মাতে টিম বাংলাদেশ।  তাওহিদ হৃদয় ৪০ ও মিরাজ ২২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন।

এর আগে বৃহস্পতিবার বল হাতে দারুণ শুরু করে স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারে টাইগারদের সাফল্য এনে দেন তাসকিন আহম্মেদ। আগের ম্যাচে ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে গিয়েছিলেন ম্যাথু শর্ট, বোলার ছিলেন তাসকিন আহমেদও। এবারও বোল্ড হনন শর্ট, চতুর্থ বলে তাকে বোল্ড করেছেন তাসকিনই।

সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারে উইকেট নেন মোস্তাফিজুর রহমানও। দ্বিতীয় ওভারে তার প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন কুপার কনোলি। ঐ ওভারের শেষ বলে উইকেটের দেখা পান এ পেসার। এবার তিনি ফেরান ম‍্যাট রেনশকে উইকেটের পেছনে লিটনের বিশ্বস্ত হাকে ধরা পড়িয়ে।

ওয়ানডে ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়া নিজেদের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম শূন‍্য রানে প্রথম ৩ উইকেট হারায়। সবচেয়ে কম রানে ৩ উইকেট হারিয়েছিল তারা ২০০৬ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে। ৫ রানে প্রথম ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৩ উইকেট হারিয়েছিল তারা ৬ রানে।

শুরু ধাক্কা কাটাতে অস্ট্রেলিয়া একটা জুটি গড়ার চেষ্টায় ছিল। সেটাকে খুব একটা বড় হতে দেন নি মোস্তাফিজুর রহমান। অ‍্যালেক্স কেয়ারিকে ফিরিয়ে দেন বাঁহাতি এই পেসার। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে স্কয়ার ড্রাইভ খেলেন কেয়ারি। কিন্তু ফিল্ডারকে পার করতে পারেননি। ক‍্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ৩৪ বল স্থায়ী ২৫ রানের জুটি।

৪ উইকেট হারিয়ে দিশেহারা অস্ট্রেলিয়ার পথ দেখানোর চেষ্টা করেন জস ইংলিস আর ক্যামেরুণ গ্রিন। তারা দু’জনে ৪৩ রানের জুটি গড়ে বেশ খেলছিলেন। তবে এ যাত্রায় তাদের বাধা হয়ে দাঁড়ান স্পিনার তানভীর আহমেদ। জমে যাওয়া জুটি তিনি ভেঙেছেন জস ইংলিসকে ফিরিয়ে।

ইংলিস ফিরলেও গ্রিন একপ্রান্ত আগলে রেখে বেশ দেখে শুনে খেলছিলেন। তবে তাকে বেশি এগোতে দেননি তানভীর। ইনিংসের ২২তম ওভারের ১ম বলেই নিজেই ক্যাচ নিয়ে তাকে ফিরিয়ে দেন টাইগার স্পিনার। এরপর স্বাগতিকদের মাথা ব্যথার করণ হয়ে দাঁড়ান লেবুশেন ও বার্টলেট। তারা ৭ম উইকেটে দারুণ খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেন। দু’জন বেশ সাবলীল ব্যাটিং করেন। এক পর্যায়ে লেবুশেন হাফসেঞ্চুরি তুলে নেন। একটু পর তার দেখান পথ ধরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বার্টলেট।

অবশেষে একটি বলার মতো জুটি পায় অস্ট্রেলিয়া। ৮১ রানে ষষ্ঠ উইকেট হারানো দলটি লাবুশেন ও বার্টলেটের জুটিতে পঞ্চাশ রান পেয়েছে।

ক্যামেরুন গ্রিন যখন আউট হন, তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার রানটা দুই শ’ হবে না। কিন্তু ওটুকু সম্ভাবনাকেই প্রায় সত্যি করে ফেলেছেন বার্টলেট ও মার্নাস লাবুশেন। দুজনেই ফিফটি পেয়েছেন। তাদের জুটিতে লড়াই করার মতো একটা পুঁজির পথেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের ১১৫ বলে ১০৪ রানের জুটি ভেঙে দিয়েছেন তাসকিন। ৪৮ বলে ৫২ রান করে তাঁর বলে বোল্ড হয়ে গেছেন বার্টলেট। উইকেটে এসে টিকতে পারেননি অ্যাডাম জাম্পাও, তিনিও বোল্ড হয়েছেন। এরপরেই শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টি নামে। যা চলে থেমে থেমে। শেষ পর্যন্ত বৃষ্টি থামলে অস্ট্রেলিয়ার আর ব্যাটিংয়ে নামা হয়নি। ম্যাচ অফিসিয়ালরা বাংলাদেশের সামনে লক্ষ্য ঠিক করে দেয় ৪১ ওভারে ১৯২ রানের। সে লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৩৬ বল হাতে রেখে। এরফলে ১ ম্যাচ আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম টাইগার্স পেল প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। স্বাভাবিকভাবেই মিরাজদের উচ্ছ্বাসের মাত্রাটা আজ একটু বেশিই।

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers