শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

‘হেক্সা’ পূরণের স্বপ্ন নিয়ে মরক্কোর মুখোমুখি ব্রাজিল

ক্রীড়া ডেস্ক জুন ১৩, ২০২৬, ১৪:৩৫:৩২

144
  • সংগৃহীত

২০০২ সালের পর থেকে ষষ্ঠ বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে চলছে ব্রাজিল। প্রতিবারেই আশা জাগিয়ে ভক্তদের হতাশায় উপহার দেয় দলটি। তবে অতীত ভুলে এবার ‘হেক্সা’ পূরণের স্বপ্ন  পূরণ করতে বদ্ধ পরিকর কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে চোটজর্জর দল নিয়ে বাংলাদেশ সময় রবিবার ভোর ৪টায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা।

গত বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল মরক্কো। তাই এবার দলটির প্রত্যাশার পারদ আরও বেশি। অন্যদিকে ২৪ বছরের খরা দূর করে ইতিহাস গড়তে চাইছে ব্রাজিল। সব মিলিয়ে রবিবার ভোরে দুর্দান্ত এক লড়াইয়ের আভাস দিচ্ছে দুই দলই।

মরক্কো ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিষেক হবে কোচ কার্লো আনচেলত্তির। ক্লাব পর্যায়ে মুঠোভরে সাফল্য পাওয়া এই ইতালিয়ানের কাঁধে বছর খানেক আগে সওয়ার হয়েছিল ব্রাজিল। দুঃসময়ের ঘোরপাকে টালমাটাল দলটিকে স্বপ্নের বন্দরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার।

লম্বা সময় ধরে বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ব্রাজিল। তাই এবারের বিশ্বকাপের শুরু থেকেই দলটিকে নিতে হচ্ছে বাড়তি চ্যালেঞ্জ। এদিকে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সবচেয়ে বড় তারকা নেইমারকে প্রথম ম্যাচে পাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কবে ফিরবেন, তা এখনও অনিশ্চিত। আনচেলত্তির দুর্ভাবনা আছে রাইট-ব্যাক নিয়েও। দুই সেন্টার-ব্যাক মার্কিনিয়োস ও গাব্রিয়েল মাগালাইস জুটি তাকে স্বস্তিতে রাখলেও, ওয়েসলি ও বৈচিত্রময় মিলিতাওকে হারানোয় রাইট-ব্যাক পজিশন নিয়ে কোচকে ভাবতে হচ্ছে নতুন করে। দানিলো ও ইবানেসের মধ্যে এই জায়গার লড়াই চলছে, এর বাইরে মিডফিল্ডার এদেরসন হতে পারেন আনচেলত্তির জন্য আরেকটি বিকল্প।

নেইমারের অনুপস্থিতিতে গোলের দাবি মেটানোর মহাভার উঠবে ভিনিসিউস জুনিয়রের কাঁধে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের রেয়াল মাদ্রিদে বিধ্বংসী হয়ে ওঠার নেপথ্যের কারিগর ছিলেন আনচেলত্তিই।

কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠার পথে স্পেনকে বধ করেছিল মরক্কো। হারিয়েছিল ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে। পরে ফ্রান্সের বিপক্ষে হেরে নিয়েছিল বিদায়। সেই আত্মবিশ্বাস আজও সঙ্গী আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াসদের। যদিও সম্প্রতি দলটি খুব একটা স্বস্তিতে নেই। কেননা  আফ্রিকার নেশন্স কাপের ফাইনালে ঘরের মাঠে তারা হেরেছিল সেনেগালের বিপক্ষে। পরে অবশ্য ‘বিতর্কিত’ সিদ্ধান্তে সেনেগালের কাছ থেকে শিরোপা ‘কেড়ে নিয়ে’ দেওয়া হয় তাদেরকে। এই বছরের শুরুর দিকে হওয়া ওই ফাইনালে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে মাঠ ছেড়েছিল সেনেগাল, তারই চড়া মাশুল দিতে হয় দলটিকে।

ওই টুর্নামেন্টের পর দীর্ঘদিনের কোচ ওয়ালিদ রেগরাগি ছাড়েন মরক্কোর ডাগআউট। বিশ্বকাপের তখন বাকি মাত্র তিন মাস! গত বছর মরক্কোকে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতানো বেলজিয়ান বংশোদ্ভূত মোহামেদ ওয়াহবিকে দিয়ে পূরণ করা হয় ওয়ালিদের শূন্যস্থান। দুদিন আগেই আবার চোট ছোবল বসিয়েছে মরক্কো দলে। চোট নিয়ে দলের সঙ্গী হয়েছিলেন নায়েফ আগুর্দ, কিন্তু সেরে না ওঠায় দলছুট হয়েছেন তিনি। আব্দে এজজাজুলি হয়েছেন দূর্ভাগ্যের শিকার। গত রোববার নরওয়ের বিপক্ষে ম্যাচে সতীর্থ চাদি রিয়াদ তার ডান হাঁটুর উপর পড়ায়, শুরুর আগেই শেষ হয়ে গেছে এজজাজুলির বিশ্বকাপ। এ দুই জনের জায়গায় ফরোয়ার্ড আমিন এসেবাই ও ডিফেন্ডার মারওয়ানে সাদানের জন্য দুয়ার খুলেছে।

পরিসংখ্যান, অভিজ্ঞতা ও ইতিহাস ব্রাজিলকে এগিয়ে রাখলেও মরক্কো প্রমাণ করেছে বড় মঞ্চে তারা চমক দেখাতে জানে। ফলে বিশ্বকাপের শুরুতেই নিউ ইয়র্কে দেখা যেতে পারে দুর্দান্ত এক ম্যাচ। কে জিতবে? এখনই অনুমান করা কঠিন। সময়-ই জানাবে উত্তর।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers