মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ , ৬ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

দুবার পেছনে পড়েও নিউ জিল্যান্ডকে রুখে দিল ইরান

ক্রীড়া ডেস্ক জুন ১৬, ২০২৬, ১০:৩৭:৪৩

197
  • সংগৃহীত

এক যুগ পর বিশ্বকাপে ফেরা নিউ জিল্যান্ড রোমাঞ্চকর ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারল না। দুই দফায় ঘুরে দাঁড়িয়ে সমতায় শেষ করল ইরান। বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ২-২ গোলে ড্র হলো ইরান ও নিউ জিল্যান্ডের লড়াই।

নিউ জিল্যান্ডের দুটি গোলই করেন ইলাইজা জাস্ট। ইরানের প্রথম গোলটি করেন ম্যাচজুড়ে দারুণ খেলা রামিন রেজাইয়ান। পরে তার ক্রস থেকেই হেডে গোল করেন মোহাম্মাদ মোহেবি।

লস অ্যাঞ্জেলসে ম্যাচের প্রথম কয়েক মিনিটে ইরান চেপে নিউ জিল্যান্ডকে। কিন্তু নিউ জিল্যান্ড গোল পেয়ে যায় ম্যাচে তাদের প্রথম আক্রমণেই। ম্যাচের সপ্তম মিনিটে  ক্রিস উড বল ধরে রেখে ডান দিকে থাকা জাস্টের দিকে একটি পাস বাড়িয়ে দেন। ২৬ বছর বয়সী উইঙ্গার কিছুটা জায়গা তৈরি করে ডান পাশ দিয়ে বল পাঠান জালে।

গোল হজম করে হাই-প্রেসিং ফুটবল খেলতে থাকে ইরান। বক্সের বাঁ পাশ থেকে তারেমি কাটব্যাক করে শট নিলেও লুফে নেন নিউ জিল্যান্ডের গোলকিপার ম্যাক্স ক্রোকোম্ব। ইরানের আরও কয়েকটি আক্রমণ রুখে দেয় নিউ জিল্যান্ডের রক্ষণ।

ইরান হাই-লাইনে খেলতে থাকায় খেলা অনেকটা উন্মুক্ত হয়ে ওঠে ও প্রচুর আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। ২৮তম মিনিটে বক্সের ভেতরে মার্কো স্টামেনিচের বাঁ পায়ের শট ধরে ফেলেন ইরানের গোলকিপার। পরের মিনিটেই ইরানের সামান গাডুসের ভলি ওপর দিয়ে চলে যায়। এরপরই সমতা ফেরায় ইরান। সামান গাদুস চেষ্টা করেন সামনের দিকে শাহরিয়ার মোগানলুকে পাস দেওয়ার, কিন্তু তিনি মাটিতে পড়ে যান। সতর্ক রেজাইয়ান কাছাকাছিই ছিলেন। তিনি ঘুরে গিয়ে ডান পায়ের পাশ দিয়ে বল জালে জড়ান।

এদিকে ৪৪তম মিনিটে উডের ফ্রি কিক সহজেই ধরে ফেলেন ইরানের গোলকিপার। পরের মিনিটে বক্সের বাইরে থেকে ক্যালাম ম্যাককাউয়াটের শটও ধরে নেন গোলকিপার। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লম্বা থ্রো থেকে মোগারলুর হেড একটুর জন্য চলে যায় ওপর দিয়ে।

৫০তম মিনিটে বুক দিয়ে বল নামিয়ে মোগানলুর বাঁ পায়ের শট ওপর দিয়ে চলে যায়। পাঁচ মিনিট পর আবার উড-জাস্ট জুটির জাদু। মাঝমাঠ থেকে দারুণ পাল্টা আক্রমণে ওপরে ওঠে নিউ জিল্যান্ড। এরপর উডের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে ছুটে চমৎকার ফিনিশিংয়ে দলকে আরেক দফায় এগিয়ে দেন জাস্ট।

পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইরান। ৬৩তম মিনিটে রেজাইয়ানের দারুণ এক ক্রসে অনেকটা লাফিয়ে নিখুঁত হেডে ইরানকে সমতায় ফেরান মোহেবি। গতিময় হেড পোস্টে গেলে জালে ঢুকে যায়। শেষ ২০ মিনিটে ইরানের আধিপত্যই ছিল বেশি। বেশ কিছু আক্রমণ করে তারা। কিন্তু সামলে নেন নিউ জিল্যান্ডের রক্ষণ ও গোলকিপার ক্রোকোম্ব।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers