বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

খেলা

অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

চঞ্চল রহমান জুন ১৬, ২০২৬, ২১:০৩:২৮

151
  • অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

কদিন আগেই দাপটের সঙ্গে খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই সুখ স্মৃতি নিয়েই বুধবার থেকে একই প্রতিপক্ষের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামছে টিম টাইগার্স। ২০ ওভারের এ লড়াইয়েও অজিদের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী টিম টাইগার্স।

ওয়ানডে সিরিজ জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটার টি-টোয়েন্টি দলে থাকায় নিজেদের খুব ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বললেন,  ‘ওয়ানডে সিরিজ জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের। শুধুমাত্র সিরিজ জিতেছি না, তিন ম্যাচেই খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা বাড়তি পাওয়া। অবশ্যই সংস্করণ ভিন্ন, আমাদের দল ভিন্ন এবং ওদের দলও ভিন্ন। একটা ভালো দিক, আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে ক্রিকেট খেলেছে।’

লিটন আরও বলেন, ‘সবার ওই (সিরিজ জয়ের) আত্মবিশ্বাস আছে। নির্দিষ্ট দিনে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’

ওয়ানডে সিরিজ হারলেও অস্ট্রেলিয়া প্রতিশোধ নিতে মুখিয়ে। যে কারণে টাইগারদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই সতীর্থদের সেভাবেই প্রস্তুত হতে বললেন লিটন, ‘এই সংস্করণটাই কঠিন। সীমিত ওভারের সংস্করণের খেলায় যে কোনো দলই আক্রমণাত্মক মনোভাবে থাকে। আসলে যে কোনো দলই যখন ব্যাটিং-বোলিং করে, ওই মানসিকতা নিয়ে থাকে।’

লিটন আরও বলেন, ‘অস্ট্রেলিয়া অবশ্যই বড় নাম। তারা তাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে। অবশ্যই আমরাও আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আমি আবারও বলছি, অবশ্যই যে কোনো দলের বিপক্ষে জিততে গেলে নির্দিষ্ট দিনে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরানো হয়েছে মূল পেসারদের। তারা থাকায় লিটন বললেন, সেরা দল নিয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি, ‘একটা জিনিস ভালো, পেস ইউনিট অনেক শক্তিশালী। যে কোনো খেলোয়াড়কেই খেলাতে পারবেন সেরা একাদশে। এটা ভালো প্রতিযোগিতা। একই সময়ে বাংলাদেশ দলের জন্য ভালো, বেঞ্চ অনেক শক্তিশালী হচ্ছে। আমি আগেও বলেছি, তাসকিন বড় নাম। তাদের যে অভিজ্ঞতা…। সবশেষ সিরিজে তাদেরকে (পেসারদের) বিশ্রামের কারণে খেলানো হয়নি। এই সিরিজে তারা এসেছে। পূর্ণ শক্তি নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য।’

শেষ ওয়ানডেতে পেশিতে টান পড়ায় ব্যাটিং থামাতে হয়েছিল লিটন দাসকে। দলের প্রয়োজনে পরে ব্যাট করতে ফিরলেও ফিল্ডিংয়ে আর ছিলেন না। ম্যাচ শেষেও তাকে খুঁড়াতে দেখা যায়। টি-টোয়েন্টি অধিনায়ককে নিয়ে তাই আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কিছুটা শঙ্কা আছে। সেই কারণেই টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে স্কোয়াডে যুক্ত করেছেন নির্বাচকরা।

৩৩ বছর বয়েসি এই বাঁহাতি ব্যাটার সৌম্য টি-টোয়েন্টিতে নিয়মিত নন। অনেকদিন ধরেই আসা-যাওয়ার মধ্যে আছেন তিনি। গত কয়েকটি সিরিজেই দলে ছিলেন না। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলতে দেখা যায় ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৬২ রান করা ব্যাটারকে।

টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামিম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers