শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা

হল্যান্ডের জোড়া গোল, বিশ্বকাপে দুর্দান্ত শুরু নরওয়ের

ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০২৬, ১৪:৩৪:৫৯

356
  • সংগৃহীত

বিশ্বকাপ প্রস্ততি ম্যাচ খেলতে পারেননি আনিং হল্যান্ড। তবে মনে মনে মূল মঞ্চে সেরাটা দিতে তৈরি ছিলেন তিনি। বাংলাদেশ সময় বুধবার ভোরে বৈশ্বিক এ টুর্নামেন্টের মূল লড়াইয়ের শুরুতেই তিনি দেখালেন চমক। করলেন জোড়া গোল। তার নৈপুণ্যে ইরাককে সহজেই হারিয়ে বিশ্বকাপের শুরুটা দুর্দান্তই করল নরওয়ে।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে  ‘আই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচটি ৪-১ গোলে জিতেছে নরওয়ে। দলটির হয়ে দুটি গোল করেন হলান্ড, একটি লিও আস্টিগোর। দেশটিকে এর আগে সবশেষ বিশ্বকাপ দেখা গিয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স আসরে। এদিনের নরওয়ের একাদশের পাঁচ জনেরই সেই সময় জন্মই হয়নি, তাদের একজন হল্যান্ডও।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে ২০তম মিনিটেই গোলের দেখা পেতে পারতো। তবে সে সময় হলান্ড ভালো পজিশনে বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি। তারপরও দলকে এগিয়ে নিতে খুব বেশি সময় অবশ্য নেননি ম্যানচেস্টার সিটি তারকা। দ্রুত সময়ের মধ্যে বাঁ দিক থেকে সতীর্থের গোলমুখে বাড়ানো বল কিছুটা স্লাইডের মতো করে জালে পাঠান হল্যান্ড। আধুনিক ফুটবলের এই গোলমেশিনের জাতীয় দলের হয়ে গোল হলো ৫৬টি, ৫১ ম্যাচেই।

নরওয়ে এগিয়ে যাওয়া বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইরাক। ১০ মিনিট পরেই ম্যাচে সমতা টানে দলটি। বাঁ দিকের বাইলাইনে থেকে সতীর্থের কাটব্যাক ক্রস পেয়ে, সবার ওপরে লাফিয়ে জোরাল হেডে গোলটি করেন আইমেন হুসেইন। জাতীয় দলের হয়ে এই স্ট্রাইকারের গোল হলো ৩৩টি। তবে চার মিনিটের মধ্যে আবার পিছিয়ে পড়ে ইরাক। সতীর্থের দুর্বল ব্যাক পাস ক্লিয়ার করতে বিলম্ব করেন দলটির গোলরক্ষক জালাল হাসান। ছুটে গিয়ে বলে আলতো একটা টোকা দেন হলান্ড এবং সেই মুহূর্তে শট নেন জালাল। ফলাফল, বল হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়।

আত্মঘাতী ওই ভুলের পর যেন তেতে ওঠে ইরাক। বিরতির আগের কয়েক মিনিটে একের পর এক আক্রমণ করে তারা। যোগ করা সময়ের শেষ মিনিটে আকরাম হাশিমের জোরাল ভলি ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারে নরওয়ে।

বিরতির পর ম্যাচ চলে ধীরে। কোন দলই ঠিক আক্রমণ করতে পারছি না। তবে কুলিং বিরতির পর পুনরায় খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে গোলের দেখা মেলে। মার্টিন ওদেগোরের কর্নারে সবার ওপরে লাফিয়ে হেডে বল জালে পাঠান লিও আস্টিগোর। কিছুক্ষণ পর হ্যাটট্রিক হয়ে যেতে পারতো হল্যান্ডের। তবে তার কোনাকুনি শট আটকে দেন গোলরক্ষক।

যার গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিল ইরাক, সেই আইমেন হুসেইনের নাম শেষ দিকে স্কোরলাইনে ওঠে আত্মঘাতী গোলদাতা হিসেবে। গোলরক্ষক বল পাঞ্চ ঠিকমতো করতে পারেননি, গোলমুখেই বল হুসেইনের গায়ে লেগে গোললাইনে পেরিয়ে যায়।

‘আই’ গ্রুপে প্রথম ম্যাচ জিতেই শীর্ষে নরওয়ে। দ্বিতীয় ফ্রান্সের সংগ্রহও সমান ৩ পয়েন্ট। গোল ব্যবধানে নরওয়ের সঙ্গে পিছিয়ে দিদিয়ের দেশমের দল। পয়েন্ট না পাওয়া সেনেগাল তিনে ও ইরাক চারে।

 

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers