বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা

মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে দাপুটে জয়ে সেমিফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক জুলাই ১০, ২০২৬, ১০:১৭:৪৩

158
  • সংগৃহীত

গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকে মরক্কোকে বিদায় করেছিল ফ্রান্স। তাই এবার দুর্দান্ত ছুঁটেন চলা দলটির কোয়ার্টার ফাইনালে চেনা প্রতিপক্ষের বিপক্ষে ছিল প্রতিশোধ নেয়ার মিশন। তবে মাঠের ফুটবলে বৃহস্পতিবার রাতে মরক্কো কখনই নিজেদের মেলে ধরতে পারেনি। এ সুযোগে ম্যাচের শুধু থেকেই একক আধিপত্য করে ফরাসিরা।

শুরুর দিকে কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করলেও শেষ পর্যন্ত তিনিই দলকে পথ দেখান। শেষ পর্যন্ত গোলও করেন এ তারকা। এরপর উসমান দেম্বেলের গোলে দাপুটে জয় নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এরফলে আরও একবার মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ফ্রান্স।

বৃহস্পতিবার উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতেছে ফ্রান্স। এরআগে ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে একই স্কোরলাইনে জিতেছিল ফরাসিরা।

প্রথম কোয়ার্টার ফাইনালে কখনই ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে পারেনি মরক্কো। প্রথমার্ধে একেবারে খোলসে বন্দি দলটি পুরো ম্যাচে গোলের জন্য পাঁচটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে। আর ফ্রান্সের ২২ শটের আটটি ছিল লক্ষ্যে।

ভাগ্য সঙ্গে  থাকলে বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো ফ্রান্স, ইয়াসিন বোনুর নৈপুণ্যে তা হয়নি। ডি-বক্সের বাইরে থেকে এমবাপের জোরাল শটে ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ান গোলরক্ষক, যদিও বল বাইরেই যাচ্ছিল। ওই কর্নারে ছয় গজ বক্সে হেড করেন অরক্ষিত দাইয়ু উপামেকানো, ঝাঁপিয়ে সেটা আটকে দেন বোনু।

২৫তম মিনিটে অবশ্য একটা ভুল করে ফেলে তারা; এমবাপেকে ডিফেন্ডার নুসায়ের মাজরাউই ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক নেওয়ার আগে অনেকটা বিলম্ব হয়, তাতেই যেন এমবাপের মনোযোগে বিঘ্ন ঘটে, তার দুর্বল শট ঝাঁপিয়ে আটকান বোনু।

পেনাল্টি মিস হলেও একচেটিয়া চাপ ধরে রাখে ফ্রান্স। অনেক সুযোগ তৈরি করে। ৩৫তম মিনিটে ডি-বক্সে দারুণ পজিশনে থেকে দেজিরে দুয়ের নেওয়া শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক। বিরতির একটু আগে অনেক দূর থেকে জোরাল শটে চেষ্টা করেন লুকা জিনিয়া। বল হাওয়ায় ভেসে শেষ মুহূর্তে নিচু হয়ে জালে জড়াতে যাচ্ছিল, তবে লাফিয়ে ওঠা বোনুর আঙুল ছুঁয়ে ক্রসবারে লাগে।

প্রথমার্ধে একদম কোণঠাসা মরক্কো বিরতির পর আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে। তাতেই যেন বাড়তি জায়গা পেয়ে যায় ফ্রান্স। ছয় মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

৬০তম মিনিটে সামনে ইসা জিওপের বাধায় ডি-বক্সের মুখে এক মুহূর্ত থামলেন এমবাপে, এক পলকে সামনে দেখেই নিলেন শট। বল হাওয়ায় একটু বাঁক নিয়ে পোস্ট ঘেঁষে খুঁজে নিল ঠিকানা। আসরে আট গোল ও দুটি অ্যাসিস্ট নিয়ে বসলেন গোল্ডেন বুটের লড়াইয়ে তালিকার শীর্ষে। সমান আটটি গোল করে দুইয়ে লিওনেল মেসি। বিশ্বকাপে এমবাপের মোট গোল হলো ২০টি, একটি বেশি নিয়ে রেকর্ডের চূড়ায় মেসি। জাতীয় দলের রেকর্ড গোলদাতার মোট গোল হলো ৬৪টি।

এরপর, ৬৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ডেম্বেলে। তাকে বল বাড়িয়ে ডান পাশ দিয়ে ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপে, দুই ডিফেন্ডারও সেদিকে মনোযোগ দেয় আর সেই মুহূর্তে খানিকটা ডান পাশে সরে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসজি ফরোয়ার্ড। ২০১৮ ও ২০২২ আসরে একবারও জালের দেখা না পাওয়া দেম্বেলে এবার ছয় ম্যাচে একটি হ্যাটট্রিকসহ করলেন পাঁচ গোল। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ১২টি।

এদিকে ম্যাচের ৭৭তম মিনিটে পড়ে যেয়ে চোট পান এমবাপে। ঝুঁকি এড়াতে তাকে তুলে নেন কোচ। দলের সেরা তারকার অনুপস্থিতিতে বাকি সময়ে একটুও ভুগতে হয়নি গতবারের রানার্সআপদের। মাঠে নিয়ন্ত্রণ রেখেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে তারা।

ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স খেলবে স্পেন অথবা বেলজিয়ামের বিপক্ষে।

নিউজজি/সিআর/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers