বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা

স্পেনের অপরাজেয় দুর্গ ভাঙার অপেক্ষায় বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক জুলাই ১০, ২০২৬, ১২:৪৩:৩৯

151
  • সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপে ধারাবাহিকভাবে নিজেদের শৃঙ্খলাবদ্ধ ফুটবল, বলের দখল এবং দ্রুত আক্রমণভাগের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রেখেছে স্পেন। গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্সের পর নকআউট পর্বে তারা শক্তিশালী পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এখন পর্যন্ত দলটি অপরাজিত। অন্যদিকে বেলজিয়ামের এবারের বিশ্বকাপ শুরু হয়েছিল মিশর ও ইরানের সাথে দুই ড্র দিয়ে। সেই দলই এরপর দারুণ ফুটবল খেলে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। দলটির সামনে আজ চ্যালেঞ্জ  স্পেনের অপরাজেয় দুর্গ ভাঙার।

ইউরোপের দুই পরাশক্তির এই লড়াইয়ে সবার নজর থাকবে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল এবং বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়ার মুখোমুখি লড়াইয়ে।

স্পেনকে গোলের দেখা পেতে হলে ভাঙতে হবে কোর্তোয়া নামক দুর্ভেদ্য প্রাচীর। অন্যদিকে বেলজিয়ামের সবচেয়ে বড় ভরসা কোর্তোয়াই। দলকে জয়ের হাসি উপহার দিতে ইয়ামালকে সারাক্ষণ কড়া নজরে রাখতে হবে অভিজ্ঞ এই গোলরক্ষককে। ফলে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ (১০ জুলাই) রাত ১টায় শুরু হওয়া এই লড়াইয়ে দলীয় কৌশলের পাশাপাশি ইয়ামাল–কোর্তোয়ার ব্যক্তিগত দ্বৈরথও হয়ে উঠতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণের অন্যতম প্রধান অনুষঙ্গ।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘বেলজিয়াম অত্যন্ত অভিজ্ঞ এবং প্রতিভাবান দল। তাদের বিপক্ষে এক মুহূর্তের অসতর্কতাও বিপদ ডেকে আনতে পারে। তবে আমরা নিজেদের ফুটবলের ওপর আস্থা রাখছি। আমাদের লক্ষ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এবং সুযোগগুলো কাজে লাগানো।’

তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে এসে কোনো ম্যাচই সহজ নয়। ছোট ছোট ভুলই পার্থক্য গড়ে দেয়। তাই আমাদের খেলোয়াড়দের সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হবে।’

অন্যদিকে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়াও আত্মবিশ্বাসী। তার ভাষায়, ‘স্পেন দুর্দান্ত দল এবং তারা এই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। কিন্তু আমরা কাউকে ভয় পাই না। আমরা সেমিফাইনালে উঠতেই মাঠে নামব। শুধু ভালো খেললেই হবে না, জয়ের মানসিকতা নিয়েও খেলতে হবে।’

এদিকে বেলজিয়াস গোলরক্ষক থিবো কোর্তোয়া আশাবাদী, ভালো ফুটবলের ধারাবাহিকতা বজায় রেখে স্পেনকে হারিয়ে আরও একটি চমকের জন্ম দিতে পারবেন তারা,  ‘প্রতিটি টুর্নামেন্টেই চমক থাকে। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, বিশ্বকাপ সব টুর্নামেন্টেই থাকে। আমি মনে করি এবার আমরাই সেই চমক দিতে পারি। ইউরোপের চ্যাম্পিয়নদের বিদায় করে দেয়া অবশ্যই বড় চমক হবে’।

স্পেনকে নিরঙ্কুশ ফেভারিট মেনে নিলেও তাদের দুর্বলতা কোথায় সেটাও জানা আছে বলে দাবি করেছেন কোর্তোয়া, ‘অবশ্যই স্পেন ফেভারিট। বল ধরে রেখে খেলার ব্যাপারে তারা অসাধারণ। আবার বল হারিয়ে ফেললেও তারা দ্রুত প্রেস করে সেটা কেড়ে নেয়। এখানেই আমাদের জন্য সুযোগ থাকবে, তাদের রক্ষণভাগের পেছনের জায়গা কীভাবে দ্রুত দখল করে নিতে পারি আমরা সেটাই গুরুত্বপূর্ণ হবে’।

স্পেনের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা লামিন ইয়ামালের প্রশংসাও করেছেন রিয়াল মাদ্রিদ তারকা, ‘পর্তুগালের বিপক্ষে গোলটাই স্পেনের শক্তিমত্তার নির্দেশক। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে লামিন কতটা ভয়ংকর আমরা সবাই জানি। সে ক্ষিপ্র, দ্রুতগতির এবং একাই দুজন ফুটবলারকে ছিটকে ফেলতে সক্ষম’।

এক দশকেরও বেশি সময় ধরে স্পেনে ক্লাব ফুটবল খেলছেন কোর্তোয়া। খেলেছেন মাদ্রিদের দুই বড় ক্লাবের হয়েই। এক অর্থে স্পেন তার দ্বিতীয় বাড়ি। তবে এই ম্যাচে তার বেলজিয়ান সত্ত্বাই তাকে বেশি অনুপ্রাণিত করছে, ‘এগারো বছর ধরে আমি স্পেনে আছি। স্পেন আমার দ্বিতীয় বাড়ি, ক্যারিয়ার শেষে হয়তো আমি সেখানেই স্থায়ী হবো। আমার দুই শিশু যতটা না বেলজিয়ান তার চেয়ে বেশি স্প্যানিশ। তবে দিনশেষে ম্যাচটা কিন্তু আমি বেলজিয়ামের হয়েই খেলব’।

অন্যদিকে লামিনে ইয়ামাল হয়তো এখনো লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডদের মতো আলো ছড়াতে পারেননি। তবে স্পেনের জয়ে ঠিকই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তার গোল ১টি। বেলজিয়ামের বিপক্ষে জয় তুলে নিতে যিনি বেশ আত্মবিশ্বাসী। তবে কোর্তোয়া যে তাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলবেন, সেটা বেশ ভালোভাবেই মাথায় রাখছেন তিনি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘থিবো কোর্তোয়া বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তিনি আমার জন্য ম্যাচটি কঠিন করে তুলবেন। কিন্তু সব সময়ের মতো এবারও আমি জিততে চাই।’

স্পেনের শক্তির মূল জায়গা তাদের মাঝমাঠ। রদ্রি, পেদ্রি ও ফাবিয়ান রুইসের সমন্বয়ে মাঝমাঠে দারুণ ভারসাম্য তৈরি হয়েছে। সামনে তরুণ তারকা লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস প্রতিপক্ষের রক্ষণে নিয়মিত চাপ সৃষ্টি করছেন। অধিনায়ক আলভারো মোরাতা গোলের সামনে অভিজ্ঞতার ছাপ রাখছেন।

বেলজিয়ামের বড় ভরসা অধিনায়ক কেভিন ডি ব্রুইনে। তার নিখুঁত পাস এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দলের সবচেয়ে বড় অস্ত্র। গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ থিবো কুর্তোয়া, যিনি মনে করেন বেলজিয়াম এখন টুর্নামেন্টের শুরু থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্পেনকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে।

বিশ্লেষকদের মতে, ম্যাচটির ভাগ্য নির্ধারণ করতে পারে মাঝমাঠের লড়াই। স্পেন যদি বলের দখল ধরে রাখতে পারে, তাহলে তারা নিজেদের ছন্দে খেলতে পারবে। কিন্তু বেলজিয়াম যদি দ্রুত পাল্টা আক্রমণের সুযোগ পায়, তাহলে স্পেনের রক্ষণকে কঠিন পরীক্ষায় পড়তে হবে।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers