বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা

ফের উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

নিউজজি ডেস্ক জুলাই ১৩, ২০২৬, ১০:৩৩:৫৬

89
  • সংগৃহীত

ঢাকা: জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ফাইনালে হারিয়ে আবারও উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। সব মিলিয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতলেন ইতালিয়ান শীর্ষ বাছাই।

রোববার জভেরেভকে  ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/২), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডন শিরোপা ধরে রাখেন ইয়ানিক সিনার। এ নিয়ে জার্মান তারকা জভেরেভের বিপক্ষে টানা ১০ ম্যাচ জিতলেন সিনার। এই জয় সিনারকে টেনিসের এক অভিজাত তালিকায় জায়গা করে দিয়েছে। উন্মুক্ত বা পেশাদার যুগে উইম্বলডন শিরোপা ধরে রাখা দশম পুরুষ খেলোয়াড় সিনার।

এর আগে, উষ্ণ ও ঝোড়ো আবহাওয়ার এক বিকেলে ম্যাচের প্রথম সেটেই ছড়ায় চরম উত্তেজনা। প্রথম ১২টি গেমে একে অপরকে একচুলও ছাড় দেননি দুই ফাইনালিস্ট। তবে শেষ মুহূর্তে জভেরেভ যেন নিজের খেলার গতি আরও বাড়িয়ে দেন এবং একটি শক্তিশালী ফোরহ্যান্ড উইনার মেরে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারটি নিজের করে নেন। সেট জয়ের পর কোর্টেই চিৎকার করে এবং হাঁটু গেড়ে বসে বুনো উল্লাসে মাতেন এই জার্মান।

দ্বিতীয় সেটেও দুর্দান্ত লড়াই হয়। এবার টাইব্রেকার শেষে হাসেন সিনার। তৃতীয় সেটটিও সহজে জিতে যান এই ইতালিয়ান। চতুর্থ সেটে জভেরেভের খেলার ধার কিছুটা কমে আসতেই সিনার আবারও ব্রেক পয়েন্ট পেয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দারুণ কিছু শটে নিশ্চিত করেন ২৪ বছর বয়সী সিনার। আর  সেই জয়ের পরপরই সেন্টার কোর্টের ঘাসে লুটিয়ে পড়েন এই ইতালিয়ান তারকা।

টানা দুইবার উইম্বলডন শিরোপা জিতে সোনালি ট্রফিতে চুমু খেলেন সিনার। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। ইতালিয়ান শীর্ষ বাছাই বলেন, ‘আমার মতে প্রত্যেক গ্র্যান্ড স্ল্যামই আলাদা। প্রত্যেকের গল্প আলাদা, পরিবেশ আলাদা, টুর্নামেন্টের আগে অনুভূতিগুলোও আলাদা। আমার কাছে এই শিরোপার গুরুত্ব অনেক বেশি। কারণ, প্যারিসের পর এটা ছিল কঠিন এক সময়।’

শিরোপা জিতে ইতালিয়ান শীর্ষ বাছাই আরও বলেন, ‘এখানে এসে নিজেকে যতটা সম্ভব সেরা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যাতে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটা খেলতে পারি।’

নিউজজি/সিআর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers