বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

ফাইনালে রেফারিকে কড়া সতর্কবার্তা স্পেন কোচের

ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০২৬, ১৩:১৭:৫২

102
  • সংগৃহীত

এবারের বিশ্বকাপের শুরু থেকেই দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা। তবে রেফারিদের কাছ থেকে আলবিসেলেস্তেদের ‘বিশেষ সুবিধা’ পাওয়ার অভিযোগ ঘিরে বিতর্কও কম হয়নি। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ হোসাম হাসান এবং খেলোয়াড় মোস্তাফা জিকো রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। এমনকি মিসর সেই ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করে।

ঐসব ঘটনার পর এবার ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে কথা বলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, রবিবার রাতে নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের দায়িত্ব হবে খেলার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা। স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’

তবে রেফারিদের ওপর নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন স্পেন কোচ, ‘রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।’

মজার ব্যাপার হলো, আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান ডিরেক্টর বা কোচিং কোর্সে লিওনেল স্কালোনির প্রশিক্ষক ছিলেন এই লুইস দে লা ফুয়েন্তে। সেই পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পেনের এই ইউরোজয়ী কোচ জানান, ফাইনালে আর্জেন্টিনার কৌশল যা-ই হোক না কেন, স্পেনের মূল লক্ষ্য থাকবে নিজেদের চেনা ছন্দে খেলা।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের নিজস্ব ঘরানায় খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে। আমরা ফুটবলটা ফুটবলের মতো খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers