রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

খেলা

বিশ্বকাপ ইস্যুতে উয়েফার জয়, কৃতজ্ঞতা জানাল রিয়াল

ক্রীড়া ডেস্ক আগস্ট ৩, ২০২৬, ১৪:০২:১৭

103
  • সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসায় ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে এই সিদ্ধান্ত আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উয়েফা, বিভিন্ন কনফেডারেশন ও জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাবটি।

রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ফিফার এই সিদ্ধান্ত বিশ্ব ফুটবল, এর প্রতিষ্ঠান এবং কোটি কোটি সমর্থকের জন্য ইতিবাচক খবর। ক্লাবটির মতে, বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি বিশ্ব ক্রীড়ার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য, যার মালিকানা কোনোভাবেই বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেয়া উচিত নয়।

বিবৃতিতে উয়েফার পাশাপাশি অন্যান্য মহাদেশীয় কনফেডারেশন ও সদস্য ফেডারেশনগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের প্রশংসা করে রিয়াল লিখেছে, "দৃঢ় ও দায়িত্বশীল অবস্থানের মাধ্যমে তারা ফুটবলকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিয়েছে।" ক্লাবটির বিশ্বাস, এই ঐক্যবদ্ধ প্রতিবাদের কারণেই শেষ পর্যন্ত ফিফা বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছে।

রিয়াল মাদ্রিদ আরও উল্লেখ করে, জাতীয় দলের ফুটবল এবং বিশ্বকাপের ভিত্তি গড়ে দেয় ক্লাবগুলোই। তারাই খেলোয়াড়দের খুঁজে বের করে, গড়ে তোলে এবং জাতীয় দলের জন্য প্রস্তুত করে। তাই বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বকে কেবল বিনিয়োগের পণ্য হিসেবে দেখার সুযোগ নেই। ক্লাবটির মতে, বিশ্বকাপ একটি জনস্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ক্রীড়া সম্পদ, যা সমর্থক, দেশ এবং ফুটবল সমাজের সম্মিলিত ঐতিহ্য।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে প্রস্তাবিত পরিকল্পনাটি শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ে। উয়েফা অভিযোগ তোলে, এত বড় একটি সিদ্ধান্ত যথাযথ আলোচনা ছাড়াই এবং প্রয়োজনীয় স্বচ্ছতা বজায় না রেখে এগিয়ে নেওয়া হয়েছিল। ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন ফুটবল ফেডারেশনও এর বিরোধিতা করে। পরে কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকেও শাসনব্যবস্থা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

শেষ পর্যন্ত ব্যাপক বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব আংশিক বিক্রির পরিকল্পনা বাতিল করে ফিফা। যদিও সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এটিকে নীতিগত পুনর্বিবেচনার অংশ হিসেবে ব্যাখ্যা করেছে, ফুটবল অঙ্গনের বিশ্লেষকদের মতে, উয়েফার নেতৃত্বে গড়ে ওঠা শক্তিশালী আন্তর্জাতিক চাপই ফিফাকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করেছে।

রিয়াল মাদ্রিদের এই অবস্থানও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ইউরোপিয়ান সুপার লিগ ইস্যুতে অতীতে উয়েফার সঙ্গে তীব্র বিরোধে জড়ালেও, বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতার স্বার্থে এবার একই অবস্থানে দাঁড়িয়েছে দুই পক্ষ। ফলে ফুটবলের বৃহত্তর স্বার্থে রিয়াল ও উয়েফার এই বিরল ঐক্য আন্তর্জাতিক ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers