বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক আগস্ট ৮, ২০২৬, ১০:৪৮:৩৪

186
  • সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের ম্যাচে ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই হতাশ করেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭৫.৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয়। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। মিরাজের ১০১ রানের ইনিংসের পরও দলের স্কোর বড় হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৩৭ রান, শাদমান ইসলাম ৩১।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তেজা উইলির দুর্দান্ত ১৩০ রানের ইনিংস এবং জেক ডোরানের ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে স্বাগতিকরা ৩৫৫ রান সংগ্রহ করে। ফলে প্রথম ইনিংসেই ৯২ রানের লিড পায় তারা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আরও প্রকট হয়ে ওঠে। মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ক্যাম্পবেল থম্পসন বিধ্বংসী বোলিং করে ৮ উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম—২২।

প্রস্তুতি ম্যাচ হলেও এই হার বাংলাদেশের জন্য সতর্কবার্তা হয়ে এসেছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের এমন ভঙ্গুর পারফরম্যান্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে আসন্ন টেস্ট সিরিজের আগে নতুন করে ভাবনার জায়গা তৈরি করেছে।

তবে প্রস্তুতি ম্যাচের মূল উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং টেস্টের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করা। সেই অর্থে এই ম্যাচ থেকে ব্যাটিংয়ের দুর্বলতা, বোলিংয়ের কার্যকারিতা এবং কন্ডিশন অনুযায়ী পরিকল্পনার জায়গাগুলো চিহ্নিত করার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

এখন প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোই শান্তদের প্রধান লক্ষ্য।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers