বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা

‘জাতীয় দলে ফেরার সুযোগ নেই সাকিবের’

ক্রীড়া ডেস্ক আগস্ট ৮, ২০২৬, ১০:৪৯:৪৪

193
  • সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় কি তবে শেষ? জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও আপাতত সেই সম্ভাবনা দেখছেন না যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক । ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই।

সাম্প্রতিক সময়ে সাকিব আবারও বাংলাদেশে ফিরে এসে জাতীয় দলের হয়ে একটি বিদায়ী সিরিজ খেলার আগ্রহের কথা জানিয়েছেন। শুধু বিদায়ী ম্যাচ নয়, তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন। তবে তার দেশে ফেরা এবং জাতীয় দলে ফেরার পথে এখনো নানা জটিলতা রয়েছে। আমিনুল হকের ভাষ্য, একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিবের যে গ্রহণযোগ্যতা ছিল, রাজনৈতিক অবস্থান নেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে।  তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

সাকিব দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আর বাংলাদেশে ফেরেননি। একই সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সরকারের অবস্থান হলো, দেশে ফিরলে তাকে প্রচলিত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এদিকে সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। এর আগে বিসিবির পক্ষ থেকে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে বিষয়টি আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এতদিন সাকিবকে মূলত একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়েছিল। তবে সাম্প্রতিক পদক্ষেপের পর সেই অবস্থান বদলেছে। এ নিয়ে ক্রীড়া মন্ত্রী বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল তারকা সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট ও বল হাতে অসংখ্য স্মরণীয় কীর্তি গড়েছেন। তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ফলে তার সম্ভাব্য বিদায় ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

তবে ক্রীড়া মন্ত্রীর সর্বশেষ বক্তব্যে সাকিবের সেই কাঙ্ক্ষিত ঘরের মাঠের বিদায় আপাতত আরও দূরে সরে গেল। এখন প্রশ্ন—আইনি ও রাজনৈতিক জটিলতা কাটিয়ে সাকিব কি আবারও বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন, নাকি দেশের ক্রিকেটে তার অধ্যায় শেষ হবে দেশের মাটিতে শেষ ম্যাচ না খেলেই?

সাকিবের ভবিষ্যৎ নিয়ে বিসিবি, সরকার এবং সংশ্লিষ্ট মহলের পরবর্তী সিদ্ধান্তই এখন ক্রিকেটপ্রেমীদের নজরের কেন্দ্রে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers