মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

খেলা

নেদারল্যান্ডসের কোচের দায়িত্বে জাভি

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৩, ২০২৬, ১৪:২৮:০৭

173
  • সংগৃহীত

রোনাল্ড কোমানের উত্তরসূরি হিসেবে নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন প্রধান কোচ হলেন জাভি হার্নান্দেজ। বৃহস্পতিবার তার নাম ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ৪৮ বছর পর প্রথমবারের মতো কোনো বিদেশি কোচকে জাতীয় দলের দায়িত্ব দিল নেদারল্যান্ডস।

২০২৪ সালে বার্সেলোনা কোচের পদ ছাড়ার পর আর কোনো দলের দায়িত্বে ছিলেন না জাভি। নেদারল্যান্ডসের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন ৪৬ বছর বয়সী জাভি। ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপ ডাচরা তাঁর অধীনই খেলবে।

জাভির প্রথম কোচিংয়ের অভিজ্ঞতা কাতারের ক্লাব আল-সাদে। পরে বার্সেলোনার দায়িত্ব নিয়ে ২০২৩ সালে দলটিকে লা লিগা শিরোপা জেতান। তবে পরের মৌসুম শেষে তাকে বরখাস্ত করা হয়। তার জায়গায় দায়িত্ব নেন হান্সি ফ্লিক।

নেদারল্যান্ডের কোচ হয়ে জাভি বলেছেন, ‘বার্সেলোনা একাডেমিতে বেড়ে ওঠাদের একজন হিসেবে, ইয়োহান ক্রুইফ ও রাইনাস মিশেলসসহ আরও অনেকের দ্বারা প্রভাবিত হওয়ায় ডাচ ফুটবলের সঙ্গে আমার বিশেষ এক সম্পর্ক রয়েছে। বলতে পারেন, আমি কিছুটা ডাচ ফুটবলেরই সন্তান।’

কোমানের দ্বিতীয় মেয়াদ শেষ হয় সর্বশেষ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে শেষ ৩২ দলের রাউন্ডে টাইব্রেকারে হারের পর। এরপরই তিনি নেদারল্যান্ডসের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। কোমানের উত্তরসূরি হিসেবে সাবেক লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছিল বলে জানা গেছে। তবে ক্লাব ফুটবলেই থাকার সিদ্ধান্ত নেন স্লট।

নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির প্রথম ম্যাচ জার্মানির বিপক্ষে। আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় নেশনস লিগের ম্যাচে ডাচদের ডাগ আউটে দেখা যাবে তাকে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers