মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

খেলা

সেঞ্চুরিতে তানজিদের বাজিমাত, মুগ্ধ ওয়াহ–পন্টিং

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৪, ২০২৬, ১৩:২৪:১৬

107
  • সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি। তার এই দুর্দান্ত ও রেকর্ডগড়া ইনিংসে মুগ্ধ হয়েছেন ক্রিকেট কিংবদন্তিরা।

তানজিদের সেঞ্চুরির পর তাই চ্যানেল সেভেনে প্রশংসাসূচক বিস্ময় ঝরল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কণ্ঠে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এটা করার চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। সেটাও মাত্র দ্বিতীয় টেস্টে। বাংলাদেশের ধীরগতির ও নিচু উইকেটে খেলে সে বড় হয়েছে। এখানে কন্ডিশন সম্পূর্ণ আলাদা, তবে সে চমৎকার খেলেছে। এটা এমন এক মুহূর্ত, যা সে কখনো ভুলবে না।’

তানজিদ নব্বইয়ের ঘরে থাকতে তাঁর ব্যাটিংয়ের প্রশংসায় পন্টিং বলেন, ‘তানজিদ মুগ্ধ করেছে। সে বেশ ধৈর্যশীল। ডিফেন্সে পোক্ত। টেকনিক খুবই সহজ—ভালো বলগুলো ডিফেন্ড করা আর খারাপ বলগুলোকে সীমানার বাইরে পাঠানো।’

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহও ২৫ বছর বয়সী তানজিদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। ফক্স ক্রিকেটকে বলেন, ‘কী দারুণ এক মুহূর্ত! এরপর তার ক্যারিয়ারে যা-ই ঘটুক না কেন, ডারউইনে করা সেঞ্চুরি সে কখনো ভুলবে না। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে কী দারুণ এক ইনিংসই না খেলল!’

টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি পাওয়া বাংলাদেশি তানজিদ। দ্বিতীয় সেশনের খেলা শেষে তার সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট। সেঞ্চুরিটি নিয়ে তানজিদ বলেন, ‘আমার জন্য খুবই বিশেষ কিছু। কারণ, এখানে এবারই প্রথম এসেছি। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পাওয়া আমার জন্য খুবই বিশেষ ব্যাপার।’

৮টি চার ও ১টি ছক্কায় সাজানো তানজিদের ব্যাটিংয়ে ছিল ইতিবাচক কিন্তু পরিণত মানসিকতার ছাপ। বাজে বল যেমন ছাড়েননি, তেমনি ভালো বলে জোর করে রান বের করার চেষ্টা করেননি। তানজিদ যেহেতু ওয়ানডে ও টি–টুয়েন্টিতে নিয়মিত, গিলক্রিস্ট তাই তাঁর ধৈর্যের প্রশংসা করেন। কিংবদন্তির মতে, পোক্ত ডিফেন্সের ওপর ভর করে আক্রমণাত্মক খেলেছেন তানজিদ।

নিজের ব্যাটিং নিয়ে তানজিদ বললেন, ‘দলের যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি। উইকেট বেশ ভালো ছিল। আমি স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। বল দেখে দেখে খেলেছি। বেশি কিছু করার চেষ্টা করিনি।’

দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশন শেষে প্রথম ইনিংসেই ৮৮ রানে এগিয়ে বাংলাদেশ। গিলক্রিস্ট জানতে চান, ড্রেসিংরুমে দল বড় কিছু অর্জনের বিশ্বাসী কি না? তানজিদের উত্তর, ‘হ্যাঁ, আমাদের (দ্বিতীয় দিনে) এই দুই সেশনও ব্যাট করতে হবে। ভালো খেলতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers