বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

খেলা

‘ইমরান খানকে চিকিৎসা ও মর্যাদা দিন’—মানবিক আবেদন লারার

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৯:৩১:৪২

211
  • সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের কারাবন্দি জীবন ও শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগের মধ্যে এবার পাশে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি একজন মানুষ হিসেবে তাঁর প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকা ব্যাটার।

কারাগারে ইমরানের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে তাঁর পরিবার ও রাজনৈতিক দল। বিশেষ করে তাঁর চোখের সমস্যাকে ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি তাঁকে হাসপাতালে নেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই আবার কারাগারে ফেরত পাঠানো হয়। এ নিয়ে ইমরানের দল ও পরিবারের পক্ষ থেকে আপত্তিও জানানো হয়েছে।

বিবৃতিতে ব্রায়ান লারা লিখেছেন, ‘ইমরান খান ও আমার মাঠে মুখোমুখি সাক্ষাতের সুযোগ হয়েছে হাতে গোনা কয়েকবার। ওইটুকু সময়েই তাঁর প্রতি আমার শ্রদ্ধা তৈরি হয়েছিল, আর তা ছিল চিরস্থায়ী।’

খেলোয়াড়ি জীবনের বর্ণিল সময়ে দেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে ইমরানের প্রভাব স্মরণ করে লারা লেখেন, ‘আমি বুঝতে পারছি না, খেলোয়াড়ি জীবনের তুঙ্গে থাকা অবস্থায় যিনি একসময় নিজের দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রদীপ ছিলেন, আজ তিনি কীভাবে এমন এক পরিস্থিতিতে পড়েছেন, যেখানে তিনি ন্যূনতম যত্ন, সহানুভূতি কিংবা প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছেন না। এটা মেনে নেওয়া সত্যিই কঠিন।’

অন্য অধিনায়কদের সঙ্গে সুর মিলিয়ে লারাও ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন, ‘অন্য সাবেক অধিনায়কদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমিও তাঁর জন্য উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসার দাবি জানাচ্ছি। একজন মানুষ হিসেবে যে মর্যাদা তাঁর প্রাপ্য, সেটিও যেন নিশ্চিত করা হয়।’

বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়ে ক্যারিবীয় এই ব্যাটিং অধিনায়ক লিখেছেন, ‘এটা কোনো রাজনীতি নয়। এটা আমাদের খেলার এক কিংবদন্তির জন্য খুব সাধারণ মানবিকতার প্রশ্ন।’

এই পরিস্থিতিতে লারার বক্তব্যকে দেখা হচ্ছে ক্রিকেটের গণ্ডি পেরিয়ে মানবিক অবস্থান হিসেবে। তাঁর আহ্বানের মূল কথা—রাজনৈতিক মতপার্থক্য বা আইনি বিষয় যাই থাকুক, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বখ্যাত ক্রিকেটারের চিকিৎসা পাওয়ার অধিকার এবং মানবিক মর্যাদা অক্ষুণ্ন থাকা উচিত।

ইমরান খানের প্রতি লারার এই সমর্থন এসেছে এমন এক সময়ে, যখন তার কারাবাসের পরিবেশ নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উঠছে। পরিবারের অভিযোগ, ইমরানকে পর্যাপ্ত চিকিৎসা ও স্বাভাবিক যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, ইমরান নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন।

এরই মধ্যে পাকিস্তানের একটি আদালতও ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বন্দিজীবনের কিছু বিষয়ে স্বস্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ফোনে যোগাযোগ, প্রয়োজনীয় চিকিৎসা ও কারাগারে একাকী বন্দিত্বের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

ক্রিকেট মাঠে ইমরানের সতীর্থ না হলেও লারার এই মানবিক বার্তা তাই বিশেষ তাৎপর্য বহন করছে। ক্রিকেটের দুই ভিন্ন প্রজন্মের দুই কিংবদন্তিকে ঘিরে তৈরি হয়েছে এক অভিন্ন বার্তা—রাজনীতি বা মতের পার্থক্যের ঊর্ধ্বে একজন বন্দির চিকিৎসা, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers