বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা

আশা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে শেষ ওভারে হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৬, ১০:৩৪:১৮

139
  • সংগৃহীত

ব্যাটিংয়ে ভালো শুরুর পরও স্কোরটা বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মারুফা আক্তার ও সুলতানা খাতুনের দুর্দান্ত বোলিং লড়াইটা ছিল চোখে পড়ার মতো। এমনকি এক সময় জয়ের সুবাসও পেয়েছিল টাইগ্রেসরা। শেষ পর্যন্ত সেই স্বপ্নটাই ভেঙে দেন হার্শিতা সামারাবিক্রমা। ব্যাট হাতে তার দারুণ ইনিংসে ভর করেই এশিয়া কাপে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশের সামনে সমীকরণ পরিষ্কার। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতেই হবে, সেটা করলেও শেষ চারে খেলতে হবে ভারতের বিপক্ষে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ২০ ওভারে তোলে ১১৪ রান। জবাবে দশম ওভারে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। সেই তারাই লক্ষ্য ছুঁয়ে ফেলে চার বল বাকি থাকতে।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে চারটি চার ও দুটি ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসে ‘প্লেয়ার অব দা ম্যাচ’ সামারাবিক্রমা।

শ্রীলঙ্কাকে ১১৫ রানের লক্ষ্য দিয়ে ইনিংসের প্রথম ওভারেই মারুফার হাত ধরে সাফল্য পায় বাংলাদেশ। ফুলার লেংথ বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ফাহিমা খাতুনকে ক্যাচ দেন চামারি আতাপাত্তু। নিজের দ্বিতীয় ওভারে ইমিশা দুলানিকেও ফেরান মারুফা। স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হন এই ওপেনার, ১৬ বলে করেন ১২ রান। পাওয়ার প্লের ভেতরেই তৃতীয় আঘাত সুলতানা খাতুনের। সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন সানজানা কাভিন্দি। এরপর রিতু মনির বলে ভিশমী গুনারত্নে ক্যাচ দিলে শ্রীলঙ্কার অবস্থা আরও নাজুক। ফাহিমার সরাসরি থ্রোতে রান আউট হন কাভিশা দিলহারি। স্কোর তখন ৪৪ রানে ৫ উইকেট। ম্যাচ তখন বাংলাদেশের নিয়ন্ত্রনে। কিন্তু সেখান থেকেই গল্পটা বদলে যায়। নিলাকশি ডি সিলভা ও হার্শিতা সামারাবিক্রমা মিলে প্রতিরোধ গড়েন। তাদের ৩৮ রানের জুটি ভাঙেন মারুফা, ১৮ রান করা নিলাকশিকে বোল্ড করে। তবু থামেননি হার্শিতা। শেষ পর্যন্ত অপরাজিত ৪৮ রানে দলকে লক্ষ্যে পৌঁছে দেন এই বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কা জেতে ৪ উইকেটে। মারুফা ৩ উইকেট নিয়েও জেতাতে পারেননি দলকে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে  ৪.৫ ওভারে ৩১ রানের জুটিতে শুরুটা খারাপ করেননি বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার (২৬) ও জুয়াইরিয়া ফেরদৌস (১৪)। কিন্তু সেখান থেকে ৯.৫ ওভারে ৫২ রান পর্যন্ত যেতেই দুই ওপেনারের পথ ধরে ড্রেসিংরুমে ফিরে যান অধিনায়ক নিগারও (৪)। চতুর্থ উইকেটে স্বর্ণা আক্তারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর কাজটা মূলত করেছেন তিনে নামা সোবহানা মুস্তারী (৩৪)। ১৭তম ওভারে এক রানের ব্যবধানে দুজনই আউট হয়ে গেলে কিছুটা থমকে যায় বাংলাদেশের ইনিংস। ১৯তম ওভার পর্যন্ত যোগ হয় আর মাত্র ৯ রান, যার মধ্যে নো বল থেকেই আসে ৩। তবে সুগান্দিকা কুমারির করা শেষ ওভারে ফাহিমা খাতুনের পরপর দুই বাউন্ডারিতে রান কিছুটা বাড়িয়ে নেয় বাংলাদেশ। ইনিংসের শেষ দুই বলে অবশ্য আউট হয়ে যান ফাহিমা ও মারুফা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৮ (দিলারা ২৬, জুয়ায়রিয়া ১৪, সোবহানা ৩৪, নিগার ৪, স্বর্ণা ৯, রিতু ১, ফাহিমা ১৪, নাহিদা ২*, মারুফা ১; ভিমুক্তি ৩-০-২১-০, সুগান্দিকা ৪-১-২২-২, আতাপাত্তু ৪-০-২০-১, প্রাবদা ৪-০-২১-৩, কাভিশা ৪-০-১৭-১, নিলাকশিকা ১-০-৬-০)

শ্রীলঙ্কা: ১৯.২ ওভারে ১১৫/৬ (ইমেশা ১২, আতাপাত্তু ১, কাভিন্দা ৯, গুনারাত্নে ৯, হার্শিতা ৪৮*, কাভিশা ৩, নিলাকশিকা ১৮, কাসিনি ১১*; মারুফা ৪-০-২১-৩, নাহিদা ৪-০-২৭-০, সুলতানা ৪-০-১৪-১, রিতু ৪-০-২৯ -১, ফাহিমা ২-০-১১-০, ফারজানা ১-০-৯-০, সোবহানা ০.২-০-১-০

ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: হার্শিতা সামারাবিক্রমা।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers