বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ , ২৪ রবিউস সানি ১৪৪৮

খেলা

রিশাদের ঘূর্ণিতে দ. আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:১১:০০

155
  • রিশাদের ঘূর্ণিতে দ. আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ের পর সাইফ হাসান ও নাঈম শেখের ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’। সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে ফল ছাড়াই শেষ হয়েছিল।

টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশি সময় নেননি বোলাররা। ইনিংসের শুরুতেই রিভালদো মুনসামিকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে প্রথম ধাক্কা দেন মুশফিক হাসান।

এরপর জুবাইর হামজা ও মারকেস অ্যাকারম্যান মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৫ বলে ৩১ রান করা হামজাকে ফিরিয়ে দেন আলিস আল ইসলাম। এরপর অ্যাকারম্যানকেও ফেরান রিশাদ হোসেন।

মাঝের ওভারগুলোতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের একের পর এক সাজঘরে পাঠাতে থাকেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে রিশাদ ও আলিসের স্পিনে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। শেষ দিকে ইমরান মানাক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৫৩ বলে ৪৩ রান করেন তিনি, তবে শেষ পর্যন্ত রিশাদের শিকার হন।

এরপর ১৬ বলে ১৫ রান করা কাইল সিমন্ডসকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস আরও ছোট করে দেন সাইফ হাসান। নির্ধারিত ৪০ ওভারের খেলা শেষে ১৮২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল রিশাদ। মাত্র ৪ উইকেট শিকার করেন তিনি। আলিস আল ইসলাম নেন ৩টি উইকেট। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান ও মুশফিক হাসান একটি করে উইকেট পান।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। ওপেনিংয়ে সাইফ হাসান ও নাঈম শেখের ব্যাটে দ্রুত এগিয়ে যেতে থাকে রানবোর্ড। সাইফ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক, অন্য প্রান্তে নাঈম খেলেছেন তুলনামূলক ধীরস্থির ক্রিকেট।

দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান। এরপর ফিফটি তুলে নিয়ে বিদায় নেন সাইফ। ৫৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংসে তিনি দলের জয়ের ভিত শক্ত করে দেন।

তিন নম্বরে নেমে পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ রান করেন। এরপর নুরুল হাসান সোহান ২২ বলে ১৬ রান করে ফিরে যান। তবে এক প্রান্ত আগলে রেখে নাঈম শেখ এগিয়ে যান ফিফটির দিকে। শেষ পর্যন্ত ব্যক্তিগত অর্ধশতকও পূর্ণ করেন তিনি।

জয়ের খুব কাছে গিয়ে অবশ্য আউট হন নাঈম। দলের ১৭০ রানের সময় ৭৭ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হলেও লক্ষ্য ছিল নাগালের মধ্যে।

মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ৩ রান করে ফেরেন। আফিফ হোসেন ধ্রুব ৬ বলে ৬ রানে অপরাজিত থাকেন। রিশাদ হোসেন ১৪ বলে ৫ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে কাইল সিমন্ডস নেন ৩ উইকেট।

প্রথম দুই ম্যাচে ফল না এলেও সিরিজের শেষ ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে রিশাদের চার উইকেট এবং সাইফ-নাঈমের ব্যাটিং বাংলাদেশের এই জয়কে করেছে আরও স্বস্তির। ১-০ ব্যবধানে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে অধ্যায়ও দারুণভাবে শেষ করল বাংলাদেশ ‘এ’ দল।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers