বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

ফুটবল মাঠে নজিরবিহীন কাণ্ড, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৫, ২০২৬, ১৩:২৬:২৪

63
  • ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে লাল কার্ড দেখা নতুন কিছু নয়। কিন্তু একটি ম্যাচে ৫৩টি লাল কার্ড! এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে ব্রাজিলের ফুটবলে। খেলোয়াড়দের সংঘর্ষ, উত্তেজনা আর বিশৃঙ্খলায় শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ হারান রেফারি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে লাল কার্ড দেখানো হয়।

ব্রাজিলের মিনাস জেরাইস অনূর্ধ্ব-২০ রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল উবেরলান্দিয়া ও মামোরে। ম্যাচের ৫৪ মিনিটে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মামোরের খেলোয়াড় দাভি বিটেনকোর্ট গোল উদ্‌যাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। তাতে ক্ষুব্ধ হয়ে উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাওলো সার্জিও মাঠে ঢুকে তাঁকে ধাক্কা দেন। এরপরই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মারামারি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মাঠে। ঘুষি, লাথি এমনকি বিভিন্ন সরঞ্জাম ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, কয়েকজন বলবয়ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে ম্যাচের স্বাভাবিক সমাপ্তি ঘটাতে পারেননি রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশঘিক মোদেস্তো।

রেফারির ম্যাচ রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষের ঘটনায় ৪৩ জন খেলোয়াড় ও আটজন কোচিং স্টাফকে বহিষ্কার করা হয়। এর বাইরে উবেরলান্দিয়ার দুজন ক্লাব কর্মকর্তাকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে বহিষ্কারের সংখ্যা দাঁড়ায় ৫৩।

এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড ছিল ৩৬টি। ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ক্লেপোল ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই রেকর্ড হয়েছিল। ১৫ বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে গেল ব্রাজিলের অনূর্ধ্ব-২০ পর্যায়ের ম্যাচটি।

ঘটনার সূত্রপাত অবশ্য ম্যাচের আরও আগেই। উবেরলান্দিয়ার এক খেলোয়াড় লাল কার্ড দেখার পর ক্লাব কর্মকর্তারা মাঠে ঢুকে রেফারির সঙ্গে বিতর্কে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়েছিল।

পরবর্তী সংঘর্ষের পর রেফারি তাঁর প্রতিবেদনে হুমকি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেন। এমনকি তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগেও পুলিশের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

মাঠের বাইরেও দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের বিভিন্ন সরঞ্জাম ও ড্রেসিংরুম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ওঠে।  ঘটনার পর উবেরলান্দিয়া ফিরতি লেগে না খেলার সিদ্ধান্ত নেয়। ক্লাবটির ভাষায়, এটি ছিল খেলোয়াড়সংখ্যার সংকটের মধ্যে ফেয়ার প্লের প্রতি সম্মান জানানোর সিদ্ধান্ত। ফলে মামোরে ফাইনালে জায়গা করে নেয়।

একটি ফুটবল ম্যাচ যেখানে হওয়ার কথা ছিল প্রতিদ্বন্দ্বিতা, সেখানে শেষ পর্যন্ত আলোচনার বিষয় হয়ে উঠল মারামারি আর লাল কার্ড। ৯০ মিনিটের খেলায় গোলের চেয়ে বহিষ্কারের সংখ্যা বেশি—ফুটবলের ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers