শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৫, ২০২৬, ১৭:০৩:৫০

202
  • ছবি : সংগৃহীত

পর্তুগিজ ফুটবলে এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত জানান ৪১ বছর বয়সী এই মহাতারকা।

রোনালদো জানিয়েছেন, নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষেই পর্তুগাল জাতীয় দলের বিখ্যাত ৭ নম্বর জার্সি তুলে রাখবেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।

বিদায়বার্তায় আবেগঘন কণ্ঠে রোনালদো বলেন, ‘পর্তুগালের মানুষের উদ্দেশে বলছি, আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সি তুলে রাখার সময় এসে গেছে। কখনোই মনে করিনি জার্সিটি শুধু আমার। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মাঠে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য ও দায়িত্ব আমার হয়েছে।’

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের জার্সিতে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে দলটির আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে ওঠেন তিনি। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের রেকর্ড—দুটিই তাঁর দখলে।

রোনালদোর নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের ফুটবল ইতিহাসেও নিজের নাম স্থায়ীভাবে লিখিয়েছেন এই ফরোয়ার্ড।

বিশ্বকাপেও রয়েছে তাঁর অনন্য কীর্তি। ২০০৬ থেকে ২০২৬—টানা ছয়টি বিশ্বকাপে খেলেছেন রোনালদো। প্রতিটি আসরেই গোল করার বিরল রেকর্ড গড়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেটিই হয়ে থাকল বিশ্বমঞ্চে তাঁর শেষ অভিযান।

রোনালদোর বিদায়ের সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন পর্তুগাল দলেও সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছিল। কোচ জর্জ জেসুসের সঙ্গে খেলার সময় নিয়ে মতবিরোধের জেরে গত সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন তিনি। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞাও দিয়েছিল।

তবে সাম্প্রতিক সেই বিতর্ক ছাপিয়ে রোনালদোর বিদায় এখন পর্তুগিজ ফুটবলের সবচেয়ে আলোচিত ঘটনা। তাঁর চলে যাওয়ায় শুধু একটি দলের অধিনায়কই বিদায় নিচ্ছেন না, আন্তর্জাতিক ফুটবল হারাতে যাচ্ছে ইতিহাসের অন্যতম সেরা গোলস্কোরারকে।

২৩ বছরের স্মৃতি, অসংখ্য গোল, রেকর্ড আর ট্রফি—সবকিছু নিয়েই জাতীয় দলের অধ্যায় শেষ করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers