বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ম্যাচপ্রতি সাড়ে ৪ কোটি রুপিতে ভারত ক্রিকেট দলের স্পন্সর অ্যাপোলো টায়ার্স

ক্রীড়া ডেস্ক ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ২১:১১:১৩

342
  • ছবি: ইন্টারনেট

স্পনসর না থাকায় চলমান এশিয়া কাপে জার্সির বুকে প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো ছাড়াই খেলছে ভারত ক্রিকেট দল। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) খুঁজে পেল নতুন স্পন্সর।  দেশটির ক্রিকেট দলের নতুন প্রধান স্পনসর হয়েছে অ্যাপোলো টায়ার্স।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হরিয়ানাভিত্তিক বহুজাতিক এই টায়ার উৎপাদনকারী কোম্পানি প্রতি ম্যাচে সাড়ে ৪ কোটি রুপি দেবে, যা আগের স্পনসর ড্রিম১১–এর চেয়ে ৫০ লাখ রুপি বেশি। ড্রিম১১ ম্যাচপ্রতি বিসিসিআইকে ৪ কোটি রুপি দিত।
 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে অ্যাপোলো টায়ার্সের চুক্তি  আড়াই বছরের। যার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের মার্চে। এই সময় পর্যন্ত ভারতীয় দল দ্বিপক্ষীয় সিরিজে ১২১টি ও আইসিসির প্রতিযোগিতায় কমপক্ষে ২১টি ম্যাচ খেলবে।
 
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানতে পেরেছে, সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার-টিউব উৎপাদনকারী কোম্পানি জে কে টায়ার্সও ভারতীয় দলের মূল স্পনসর হতে দরপত্র জমা দিয়েছিল। তবে দর কষাকষিতে তারা অ্যাপোলো টায়ার্সের সঙ্গে পেরে ওঠেনি।
 
অ্যাপোলো টায়ার্স বিসিসিআইকে দেবে ৫৭৯ কোটি রুপি। ক্যানভা ও জে কে টায়ার্স দিতে চেয়েছিল যথাক্রমে ৫৪৪ কোটি ও ৪৭৭ কোটি রুপি।
 
এ ছাড়া রং উৎপাদনকারী কোম্পানি বিরলা অপাস পেইন্টসও বিনিয়োগে আগ্রহী ছিল। তবে তারা দরপত্রপ্রক্রিয়ায় অংশ নেয়নি।
 
নতুন পৃষ্ঠপোষক বেছে নিতে এ মাসের শুরুতে দরপত্র আহ্বান করে বিসিসিআই। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ রুপি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়। আর বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ৫ হাজার ৬৭৫ ডলার দিয়ে আবেদনপত্র নিতে বলা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নতুন করে আর কোনো প্রতিষ্ঠান ভারতীয় দলের প্রধান পৃষ্ঠপোষক হতে আগ্রহ দেখায়নি।
 
নিউজজি/সিআর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers