বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ , ৮ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

৮৩ ইনিংস ও ৮০৭ দিন পর অবশেষে বাবরের সেঞ্চুরি, জয় পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ০৯:৪২:২৪

249
  • ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৮৩ ইনিংস অপেক্ষার পর অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। শুক্রবার ৮০৭ দিন অপেক্ষার পর বাবরের সেই মাহেন্দ্রক্ষণটি আসে ইনিংসের ৪৮তম ওভারের প্রথম বলটিতে। প্রমোদ মাধুশানের করা বলটি মিডউইকেটের দিকে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তখন রাওয়ালপিন্ডির গ্যালারি আর পাকিস্তানের ড্রেসিংরুমেও এ সময় বয়ে যায় আনন্দের বন্যা। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে ৮ উইকেটে জিতে এক ম্যাচ আগেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। 

রাওয়ালপিন্ডিতে শুক্রবার ২৮৯ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে পাকিস্তান। ৮ চারে ১১৯ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন বাবর। ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই।
ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সাঈদ আনোয়ারের সবচেয়ে বেশি ২০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন বাবর। এজন্য তার লাগল ১৩৬ ইনিংস, সাঈদ আনোয়ারের চেয়ে ১০৮টি কম। এই ম্যাচের আগে বাবরের সবশেষ সেঞ্চুরিটিও ছিল ওয়ানডেতে, ২০২৩ সালের অগাস্টে এশিয়া কাপে নেপালের বিপক্ষে ১৩১ বলে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক।
 
শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৫১ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। তবে রান আউটে কাটা পড়েন নিসাঙ্কা (৩১ বলে ২৪)। তিন ওভার পর আবরারের বলে স্টাম্পড হয়ে ফেরেন মিশারা (৩৯ বলে ২৭)। এদিকে থিতু হয়ে খেলতে থাকা কুশল মেন্ডিল নিজেকে মেলে ধরতে পারেননি। ২৮ বলে ২০ রান করে ফেরেন। পরপর দুই ওভারে মেন্ডিস ও চারিথ আসালাঙ্কাকে বিদায় করেন আবরার।
 
৯৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৬১ রানের জুটি গড়েন সাদিরা সামারাউইক্রামা ও লিয়ানাগে। দারুণ খেলতে থাকা সামারাউইক্রামাকে (৫২ বলে ৪২) বোল্ড করে দেন হারিস রউফ।
 
ষষ্ঠ উইকেটে ইনিংস সেরা ৭৩ রানের জুটিতে দলের স্কোর দুইশ পার করেন লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিস। ২টি ছক্কা ও ৪টি চারে ৩৮ বলে ৪৪ রান করা কামিন্দুকে ফিরিয়ে দেন রউফ। ৫৬ বলে ফিফটির পর বেশিদূর যেতে পারেননি লিয়ানাগে। দুশমান্থ চামিরার দ্রুত বিদায়ের পর নবম উইকেটে মাদুশানের সঙ্গে ৩৪ বলে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে ২৮৮ পর্যন্ত নিয়ে যান হাসারাঙ্গা।
 
রান তাড়ায় পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন সিয়াম আইয়ুব ও ফখর জামান। তারা গড়েন  ৫৯ বলে ৭৭ রানের উদ্বোধনী। ৫ চার ও এক ছক্কায় ২৫ বলে ৩৩ রান করে ফেরেন সিয়াম। ২০ ও ২৮ রানে ফখরের ক্যাচ ফেলে শ্রীলঙ্কার ফিল্ডাররা, বারবার জীবন পেয়ে ফিফটি করেন তিনি ৬৬ বলে। দ্বিতীয় উইকেটে ফাখার ও বাবর মিলে গড়েন ১০০ রানের জুটি। আরেকবার ক্যাচ তুলে জীবন পেয়ে, পরের বলেই লিয়ানাগের দারুণ ক্যাচে ফেরেন ফাখার। ৬৮ বলে পঞ্চাশ ছুঁয়ে, রিজওয়ানের সঙ্গে জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন বাবর। জয় যখন ৬ রান দূরে, ১১৫ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাদের জুটিতে ১০৫ বলে আসে ১১২ রান।
 
রাওয়ালপিন্ডিতে আগামী সোমবার হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৮/৮ (নিসাঙ্কা ২৪, মিশারা ২৭, কুসাল মেন্ডিস ২০, সামারাউইক্রামা ৪২, আসালাঙ্কা ৬, লিয়ানাগে ৫৪, কামিন্দু মেন্ডিস ৪৪, হাসারাঙ্গা ৩৭*, চামিরা ০, মাধুশান ১১*; নাসিম ১০-১-৬৩-০, রউফ ১০-০-৬৬-৩, ওয়াসিম ১০-০-৫০-১, আবরার ১০-০-৪১-৩, নাওয়াজ ৭-০-৪৪-০, সিয়াম ৩-০-১৫-০)
 
পাকিস্তান: ৪৮.২ ওভারে ২৮৯/২ (ফখর ৭৮, সিয়াম ৩৩, বাবর ১০২*, রিজওয়ান ৫১*; আসিথা ৮.২-০-৬৬-০, মাদুশান ৮-০-৬২-০, চামিরা ১০-০-৫৮-২, আসালাঙ্কা ৬-০-৩৩-০, হাসারাঙ্গা ১০-০-৩৫-০, লিয়ানাগে ৪-০-১৩-০, কামিন্দু মেন্ডিস ২-০-১৬-০)
 
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
 
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দ্বিতীয়টির পর ২-০তে এগিয়ে পাকিস্তান
 
ম্যাচসেরা: বাবর আজম
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers