শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

৯৩ রানে অলআউট ভারত, অবিশ্বাস্য জয় দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক ১৬ নভেম্বর , ২০২৫, ১৭:১১:৪৭

197
  • ছবি: ক্রিকইনফো

কলকাতা টেস্টে দক্ষিণ আফ্রিকার জন্য স্পিন ফাঁদ পেতেছিল ভারত। সেই ফাঁদেই রবিবার নিজেরাই পড়ল দলটি। সাইমন হার্মারের ঘূর্ণিতে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। 

জিততে ভারতের তখনো দরকার ৪৭ রান। হাতে ৩ উইকেট। আসলে উইকেট ছিল ২টি। কারণ, ঘাড়ের সমস্যায় শুবমান গিল হাসপাতালে। সে সময় স্বাগতিকদের ভরসার প্রতীক হয়ে ছিলেন অক্ষর প্যাটেল ও জাসপ্রিত বুমরা। এমন সময়ে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বল তুলে দেন কেশব মহারাজের হাতে। বাঁহাতি ব্যাটসম্যানের সামনে বাঁহাতি স্পিনার। অক্ষর এটাকে দেখলেন বড় সুযোগ হিসেবে। প্রথম চার বলের মধ্যেই মারলেন ২টি ছক্কা, ১টি চার। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে তখন ধারাভাষ্যকক্ষে প্রশ্ন। কিন্তু দৃশ্যপট পাল্টে গেল পরক্ষণেই।  অক্ষর ছক্কার চেষ্টা করলেন পঞ্চম বলেও, এবার বাভুমার হাতেই ক্যাচ।

ঠিক পরের বলে মোহাম্মদ সিরাজ ক্যাচ দিলেন স্লিপে। ভারত অলআউট ৯৩ রানে। সঙ্গে সঙ্গে ৩০ রানে জিতে প্রোটিয়ারা ভারতের মাটিতে ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটালো। 

এরআগে অবশ্য ইডেন গার্ডেন্সে জয়ের সুবাদ নিয়ে নতুন দিন শুরু করেছিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে স্রেফ ১৫৩ রানে গুটিয়ে দেয় তারা। কিন্তু তাদের সেই স্বস্তি উবে যায় ব্যাটিংয়ে নেমে। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ৯৩ রানে গুটিয়ে যায় দলটি।

প্রথম ইনিংসে তিন বল খেলে ঘাড়ে চোট পাওয়া শুবমান গিল হাসপাতালে ভর্তি। ম্যাচের মাঝে অধিনায়কের ছিটকে যাওয়া ভারতের জন্য ছিল বড় ধাক্কা।

দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক অফ স্পিনার হার্মার। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন ও মহারাজ। এইডেন মার্করামের প্রাপ্তি একটি।

ভয়ঙ্কর উইকেটে দিনের শুরুটা ভালোই করে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা। দুই অপরাজিত ব্যাটসম্যান টেম্বা বাভুমা ও কর্বিন বশ অনেকটা সময় কাটিয়ে দেন। ১ ছক্কা ও ২ চারে ২৫ রান করা বশকে বোল্ড করে ৪৪ রানের জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ।

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ১২২ বলে ফিফটি স্পর্শ করেন বাভুমা। ম্যাচে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ছাড়া পঞ্চাশ ছুঁতে পারেননি কেউ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪টি চারে ৫৫ রান করে।

চার বলের মধ্যে হার্মার ও মহারাজকে ফিরিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন সিরাজ।

উইকেট স্পিন সহায়ক হলেও নতুন বলে আলো ছড়ান ইয়ানসেন। পরপর দুই ওভারে ইয়াশাসভি জয়সওয়াল ও লোকেশ রাহুলকে কট বিহাইন্ড করে দেন এই পেসার।

১ রানে দুই ওপেনারকে হারানো ভারতকে আরও চেপে ধরেন হার্মার। তাকে ছক্কার চেষ্টায় ডিপ মিউউইকেটে ক্যাচ দেন ধ্রুব জুরেল। পরে রিশাভ পার্টেরর ফিরতি ক্যাচ নেন হার্মার। জাদেজাকেও টিকতে দেননি তিনি।

অনেকটা সময় একপ্রান্ত ধরে রাখা ওয়াশিংটন সুন্দার স্লিপে ধরা পড়েন মার্করামের বলে। হার্মারের বলে কুলদিপ এলবিডব্লিউ হয়ে বিদায় নিলে আগ্রাসী ব্যাটিংয়ের পথে হাঁটেন আকসার। শেষ পর্যন্ত তিনি হন ব্যর্থ। যে কারনে দুর্দান্ত এক জয়ই পেয়ে দক্ষিণ আফ্রিকা। 

আগামী শনিবার গুয়াহাটিতে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৫৯

ভারত ১ম ইনিংস: ১৮৯

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫৪ ওভারে ১৫৩ (আগের দিন ৯৩/৭) (বাভুমা ৫৫*, বশ ২৫, হার্মার ৭, মহারাজ ০; বুমরাহ ১০-২-২৪-১, আকসার ১৪-০-৩৬-১, কুলদিপ ৮-১-৩০-২, জাদেজা ২০-৩-৫০-৪, সিরাজ ২-০-২-২)

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১২৪) ৩৫ ওভারে ৯৩ (জয়সওয়াল ০, রাহুল ১, ওয়াশিংটন ৩১, জুরেল ১৩, পান্ট ২, জাদেজা ১৮, অক্ষর ২৬, কুলদিপ ১, বুমরাহ ০*, সিরাজ ০, গিল চোটে অনুপস্থিত; ইয়ানসেন ৭-৩-১৫-২, হার্মার ১৪-৪-২১-৪, মহারাজ ৯-১-৩৭-২, বশ ২-০-১৪-০, মার্করাম ৩-০-৫-১)

ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী

ম্যাচ সেরা: সাইমন হার্মার

সিরিজ: ২ টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন