বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

পাকিস্তানি বংশোদ্ভূত অন্য দেশের ক্রিকেটাদের ভারতের ভিসা নিশ্চিত করবে আইসিসি

ক্রীড়া ডেস্ক ১৮ জানুয়ারি , ২০২৬, ১৯:৪৬:২৮

171
  • ছবি: ইন্টারনেট

ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরী সম্পর্কের ছোঁয়া ক্রিকেটে লেগেছে অনেক আগেই। যে কারনে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাই পাকিস্তানের ক্রিকেটার বা পাকিস্তানি বংশোদ্ভূত অন্য দেশের কোনো ক্রিকেটার ভারতের ভিসার আবেদন করলে বাড়তি নজরদারি আর দীর্ঘ প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। তাই ভারতের ভিসা–জটিলতায় পড়েছেন ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র দলে থাকা কোনো কোনো পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। এবার এই জটিলতা কাটাতে মাঠে নেমেছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিভিন্ন দেশের স্কোয়াডে থাকা ৪২ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ও কর্মকর্তাদের ভারতের ভিসা নিশ্চিত করতে কাজ করছে তারা।

গত সপ্তাহে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার বিষয়টি এবার আলোচনায় আসে । যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত পেসার আলী খান দাবি করেন, তাকে ভিসা দেয়নি ভারত। তার দাবি, তিনিসহ পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে। অন্য তিন ক্রিকেটার হলেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক–ব্যাটার শায়ান জাহাঙ্গীর, পেসার এহসান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। এরপর যুক্তরাষ্ট্র ক্রিকেট এক বিবৃতিতে জানায়, আইসিসি তাঁদের ভারতীয় ভিসা প্রক্রিয়ার ব্যাপারটি দেখছে।

এদিকে আবার খবর আসে ইংল্যান্ড দলের দুই পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদ এবং পেসার সাকিব মাহমুদের ভিসা আবেদন ভারত মঞ্জুর করেনি। তিনজনই অবশ্য পরে ভিসা পেয়েছেন বলে জানা গেছে। শুধু এই তিনজনই নন, পিটিআই জানিয়েছে, নেদারল্যান্ডস দলের পাকিস্তানি বংশোদ্ভূত সদস্যরাও ভিসা পেয়েছেন। কানাডা দলের স্টাফ শাহ সেলিম জাফরের ভিসাও হয়েছে। এখন সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি, ও কানাডা দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ভিসার প্রক্রিয়া চলছে। এই দলগুলোর জন্য ভিসা সাক্ষাৎকারের তারিখ আগামী সপ্তাহের শুরুতেই নির্ধারণ করা হয়েছে, যা প্রক্রিয়ার শেষ পর্যায় বলে মনে করা হচ্ছে।

৩১ জানুয়ারি ভিসা ইস্যুর শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে । সমন্বয়প্রক্রিয়ার পুরো সময়জুড়েই বিভিন্ন দেশের ভারতীয় হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আইসিসি। লক্ষ্য একটাই—বাকি থাকা আবেদনগুলো যেন দ্রুত ও নির্বিঘ্নে নিষ্পত্তি হয়। আইসিসি আশ্বাস পেয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব ঝুলে থাকা ভিসার প্রক্রিয়া সম্পন্ন হবে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন