বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

জয়ে শুরু মেয়েদের বিশ্বকাপ বাছাই

ক্রীড়া ডেস্ক ১৮ জানুয়ারি , ২০২৬, ২১:০৯:৪২

169
  • ছবি: ইন্টারনেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের  শুরুটা জয়ে করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

রবিবার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। সুপ্তার ৩৯ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করে ১৫৯ রান। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন নাহিদা। সমসংখ্যক রান দিয়ে ৩ উইকেট পান রিতু মনি।
 
টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। দলের ২৬ রানে ফিরে যান দিলারা আক্তার। তবে তিনে নেমে ভরসা জোগান সুপ্তা। দলকে টানতে থাকেন তিনি। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস ১৭ করে ফিরে যাওয়ার পর অধিনায়ক জ্যোতি আউট হন কেবল ২ রান করে। পরে সোবহানা মোশতারিকে সঙ্গে নিয়ে ইনিংস টানেন সুপ্তা। ২৯ বলে ৩২ করে থামেন মোশতারি। ৮ চার ও ১ ছক্কায় ১৯তম ওভারে আউট হন সুপ্তা। ততক্ষণে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ দেড়শর কাছে চলে যায়।
 
১৬০ রানের লক্ষ্যে নেমে ৬.৪ ওভারে ৪২ রানের জুটি গড়েন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার দিশা ধিংড়া ও চেতনা পাগিদিয়ালা। সপ্তম ওভারের পঞ্চম বলে দিশাকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। ৪২ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে যুক্তরাষ্ট্র। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৩৮ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র।
 
যুক্তরাষ্ট্রের ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন চেতনা। ৩১ বলের ইনিংসে ৫ চার মেরেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। রিতু মনি পেয়েছেন ৩ উইকেট। তিনিও ৪ ওভারে ২৪ রান খরচ করেছেন। ২ উইকেট নিয়েছেন রাবেয়া। বাংলাদেশের ২১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন শারমিন আক্তার সুপ্তা। ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় করেছেন ৬৩ রান । 
 
জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ দল আগেই ঠিক হয়েছে। বাকি ৪ দল চূড়ান্ত পর্বে যাবে বাছাইপর্ব খেলে। বাছাইপর্বে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও ৯টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।
 
বাংলাদেশের পরবর্তী ম্যাচ পরশু পাপুয়া নিউগিনির বিপক্ষে। কীর্তিপুরে পরশু বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাপুয়া নিউগিনি ম্যাচ। 
 
নিউজজি/সিআর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন