বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত

ক্রীড়া ডেস্ক ১৯ জানুয়ারি , ২০২৬, ১৪:১১:৫৮

200
  • ছবি: ইন্টারনেট

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করেছে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ দল। ব্যাপারটি নিয়ে এরইমধ্যে আইসিসির সঙ্গে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির বৈঠক হয়েছে। তবে এখনও ফলপ্রসু কোন সংবাদ পাওয়া যায়নি। ঠিক এমন সময়ে টাইগারদের পাশে দাঁড়াল পাকিস্তান।  সোমবার হঠাৎ করেই দেশটি বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে।  

বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘জিও সুপার’।  এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক এবং বৈধ বলেও অভিহিত করেছে তারা।
 
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি। বোর্ড কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান না করতে পারে, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় সেজন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।
 
‘জিও সুপার’-এর সূত্র জানিয়েছে, পিসিবি মনে করে, আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়।
 
এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের ভেন্যুগুলো বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছে পিসিবি।
 
এদিকে সংকট নিরসনে আইসিসির কাছে গ্রুপ বদল করার কথাও বলেছিল বিসিবি। তবে ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের খবর, আইরিশরা তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তন করতে রাজি নয়। 
 
আইরিশদের রাজি করাতে মাঠে নেমে পড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সূত্রের খবর, শনিবার রাতেই তিনি আইরিশ ক্রিকেটের কিছু কর্মকর্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। তবে সেখান থেকে কতটা আশ্বাস পেয়েছেন, তা জানা যায়নি। 
 
এদিকে ভারত সফরে বিসিবির অনীহার পরিপ্রেক্ষিতে আইসিসি আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন