মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না’

ক্রীড়া ডেস্ক ২০ জানুয়ারি , ২০২৬, ১৭:৫৮:৪৫

203
  • ছবি: ইন্টারনেট

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন চাপের মুখেই পরিবর্তন করবে না বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এমনটাই বলেছেন। 

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমার জানামতে, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। এমনটাই গতকাল জানিয়েছিল,  ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম। তবে এ ব্যাপারে বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

আসিফ নজরুল আইসিসির ভেন্যু পাল্টানোর উদাহরণ দিয়ে বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এরপর নিরাপত্তাশঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর । গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আপাতত বল আইসিসির কোটে। দেখার অপেক্ষা শেষ পর্যন্ত টাইগারদের ভাগ্যে কী নির্ধারিত হয়। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers